কাশ্মীরকে এখনও ‘বিতর্কিত’ ভূখণ্ড মনে করে যুক্তরাষ্ট্র

আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ০১:০৭ পিএম

যুক্তরাষ্ট্রের কংগ্রেস প্যানেলকে দেশটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট অ্যালিস জি ওয়েলস জানিয়েছেন, দখলকৃত কাশ্মীরকে ভারত যুক্ত করে নিলেও অঞ্চলটির ব্যাপারে যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তন হয়নি।

তিনি জানান, যুক্তরাষ্ট্র এখনো অঞ্চলটিকে 'বিতর্কিত' ভূখণ্ড হিসেবে দেখে।

মার্কিন কংগ্রেসকে মঙ্গলবার তিনি বলেন, ‘নিয়ন্ত্রণ রেখা (এলওসি) কাশ্মীরকে দুই অংশে ভাগ করে রেখেছে এটাই আমরা মনে করি। আমরা দুই অংশের প্রশাসনকেও স্বীকৃতি জানাই।’

আগস্টে ভারত কাশ্মীরের একাংশকে অধিগ্রহণের ঘটনায় যুক্তরাষ্ট্রের অবস্থানের বিষয়ে জানতে চান প্যানেলের চেয়ারম্যান, কংগ্রেস সদস্য ব্র্যাড শেরম্যান।

শেরম্যানের প্রশ্নের জবাবে অ্যালিস বলেন, ‘আমরা এই ব্যাপারে ভারত বা পাকিস্তানের সঙ্গে অবস্থান করি না। এটি এখনো বিতর্কিত ভূখণ্ডই।’

লিখিত উত্তরে অ্যালিস আরও বলেন, ‘ভারত অধিকৃত কাশ্মীরে এখনো উত্তেজনাপূর্ণ নিরাপত্তা পরিস্থিতি বিরাজ করছে। সেখানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে কাশ্মীরি তরুণদের নিয়মিত সংঘর্ষ হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘কাশ্মীর উপত্যকার পরিস্থিতি নিয়ে এখনো উদ্বিগ্ন রয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। বিশেষ মর্যাদা প্রত্যাহারের কারণে সেখানে ৮০ লাখ মানুষের দৈনন্দিন জীবনের ওপর প্রভাব ফেলেছে। সেখানকার তিনজন প্রাক্তন মুখ্যমন্ত্রীসহ স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক নেতাদের আটক করা নিয়ে ভারত সরকারের পদক্ষেপেও উদ্বেগ প্রকাশ করেছে মন্ত্রণালয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত