নওগাঁয় ১১ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ০৫:০৭ পিএম

নওগাঁর পত্নীতলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মেহেদী হাসান এসপি (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

মঙ্গলবার ভোরে সাড়ে তিন টার দিকে উপজেলার শিহাড়া ইউনিয়নের রাজাপুর গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান (এসপি) নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের সাগরপুর মেম্বারপাড়া গ্রামের আব্দুল গফুর ওরফে ভোলার ছেলে।

পুলিশের দাবি, নিহত ব্যক্তি মাদক বিক্রেতা ছিলেন। মেহেদী হাসানের বিরুদ্ধে মাদক চোরাচালান ও মাদক কারবারের অভিযোগে বদলগাছী থানায় ১১টি মামলা রয়েছে।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, ১০০ বোতল ফেনসিডিল, ৫০০ পিস ইয়াবা, ১৪ ইঞ্চি চাপাতি ও একটি ছুরি উদ্ধার করা হয় বলে দাবি করা হয়েছে ডিবি পুলিশের পক্ষ থেকে।

এ ঘটনায় ডিবি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ফেরদৌস রহমান, কনস্টেবল মুনির আহম্মেদ ও আব্দুর রহমান গুলিবিদ্ধ হয়েছে বলে উল্লেখ করেছে পুলিশ। তাদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দেশ রূপান্তরকে বলেন, পত্নীতলা উপজেলার শিহাড়া ইউনিয়নের রাজাপুর গ্রামের লোদিপুর খালের পাড়ে কিছু মাদক বিক্রেতা অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশ সদস্যরা রাত সাড়ে ৩টার দিকে অভিযান পরিচালনা করে। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মাদক বিক্রেতারা পুলিশকে উদ্দেশ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে মাদক বিক্রেতারা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মেহেদীকে উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠান হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত