মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে মাহাথির মোহাম্মদের মেয়াদ পূর্ণ করা নিয়ে দেশটির ক্ষমতাসীন দল পিপলস জাস্টিস পার্টিতে (পিকেআর) বিভক্তি দেখা দিয়েছে বলে জানিয়েছে মালয় টাইমস।
গত মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পিকেআর উপপ্রধান আজমিন আলী নিজ দলের প্রধান আনোয়ার ইব্রাহিমের চেয়ে মাহাথিরের প্রতিই সমর্থন ব্যক্ত করেন। মালয়েশিয়ার অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করা আজমিন বলেন, জনরায়ের প্রতি সম্মান দেখিয়ে মাহাথির মোহাম্মদকে প্রধানমন্ত্রী হিসেবে তার মেয়াদ পূর্ণ করতে দেওয়া উচিত।
নিজ দলের প্রধানের বিরুদ্ধে চক্রান্ত সম্পর্কিত সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আজমিন আলী দাবি করেন, আনোয়ার-মাহাথিরের যে চুক্তি হয়েছিল সেখানে ক্ষমতা হস্তান্তরের সুনির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ ছিল না। নেতৃত্বের পরিবর্তন ঘটলে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা হ্রাস পাবে। আরও অনেক সংকট তৈরি করবে। ফলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। আশা করি আমরা সবাই নেতৃত্ব পরিবর্তনের এই পরিকল্পনা নিয়ে কথাবার্তা বন্ধ করে দেশের অর্থনীতির প্রতি মনোযোগী হব।
২০১৮ সালের সাধারণ নির্বাচনে শর্তসাপেক্ষে মাহাথিরের নেতৃত্বে জোটবদ্ধ হয়ে নির্বাচন করে আনোয়ার ইব্রাহিমের দল পিকেআর। প্রধান শর্ত ছিল, জোটের মূল দল পিকেআর ক্ষমতায় এলে দলটির প্রধান আনোয়ার ইব্রাহিমকে কারামুক্ত করবেন মাহাথির।
