পেকুয়ায় ৭ আগ্নেয়াস্ত্রসহ ২ ডাকাত গ্রেপ্তার

আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ১১:১৭ পিএম

কক্সবাজারের পেকুয়ায় ৭টি আগ্নেয়াস্ত্র ও ৩৮ গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মো. আনছার ও মো. কাছিমকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার রাত ৯টার দিকে র‌্যাব-৭-এর পতেঙ্গা ক্যাম্পের একটি দল রাজাখালী সুন্দরীপাড়ার সাবের আহমদ সেতু সংলগ্ন টংঘর থেকে তাদের গ্রেপ্তার করে।

গতকাল বুধবার র‌্যাবের পতেঙ্গা ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) প্রশান্ত কুমার ভৌমিক পেকুয়া থানায় অস্ত্র আইনে মামলা করে ওই দুজনকে থানায় হস্তান্তর করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তার আনছার ও কাছিম দীর্ঘদিন ধরে অস্ত্র কেনাবেচা, এলাকায় চাঁদাবাজি, দখলবাজি, অবৈধভাবে চিংড়ি ঘের দখল ও ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে প্রায় ২০টি মামলা রয়েছে। ঘটনার রাতে স্থানীয় মাধ্যমে র‌্যাব জানতে পারে ওই দুজন রাজাখালীর সুন্দরীপাড়া সাবের আহমদ সেতু সংলগ্ন টংঘরে সন্ত্রাসীদের কাছে অস্ত্র বিক্রি করবে। এরপর র‌্যাবের একটি দল টংঘরে অভিযান চালিয়ে তাদের একনলা দুটি বন্দুকসহ গ্রেপ্তার করে। পরে জিজ্ঞাসাবাদে তাদের তথ্য অনুযায়ী টংঘর থেকে আরও চারটি এলজি, একটি এয়ারগান ও ৩৮টি গুলি উদ্ধার করা হয়।

পেকুয়া থানার ওসি কামরুল আজম জানান, গ্রেপ্তার আনছার ও কাছিমকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত