গ্রামীণফোনের ইন্টারনেট ব্যবহারকারী ৪ কোটি ৬ লাখ

আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ১১:১৭ পিএম

অপারেটর গ্রামীণফোনের ইন্টারনেট ব্যবহারকারী দ্রুতই বৃদ্ধি পাচ্ছে। তাদের মোট গ্রাহকের ৫০ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারীর মাইলফলক অনেক দিন আগেই ছাড়িয়েছে। বর্তমানে অপারেটরটির মোট গ্রাহকের ৫৩ দশমিক ৭ শতাংশই ইন্টারনেট ব্যবহার করছেন। সে হিসেবে অপারেটরটির মোট ইন্টারনেট গ্রাহকের সংখ্যা এখন চার কোটি ছয় লাখ। এই পরিসংখ্যানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি চার কোটি ইন্টারনেট ব্যবহারকারীর লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে।

সোমবার অপারেটরটি তাদের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আয়ের হিসাব প্রকাশ করে। সেই হিসাব থেকে দেখা যাচ্ছে, জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে অপারেটরটি তাদের নেটওয়ার্কে ৯ লাখ নতুন ইন্টারনেট গ্রাহক যুক্ত করতে সক্ষম হয়েছে।

চলতি বছরের প্রথম প্রান্তিকে গ্রামীণফোনের ইন্টারনেট ব্যবহারকারী ছিল ৩ কোটি ৮২ লাখ, যা তার আগের প্রান্তিকের চেয়ে ১১ লাখ বেশি। দ্বিতীয় প্রান্তিকে তা ১৬ লাখ বেড়ে দাঁড়ায় ৩ কোটি ৯৮ লাখে।

আর সবমিলে তৃতীয় প্রান্তিকে নতুন করে গ্রাহক যুক্ত করেছে চার লাখ। অপারেটরটির মোট গ্রাহক এখন ৭ কোটি ৫৭ লাখ।

গ্রামীণফোন দেশের ৯৯ দশমিক ৫ শতাংশ গ্রাহককে তার নেটওয়ার্কে আওতায় মোবাইল সেবা প্রদান করছে বলে দাবি করেছে। এ ছাড়া দেশের সবচেয়ে বড় অপারেটটি ৬৯ শতাংশ জনগোষ্ঠীকে ফোর-জি নেটওয়ার্কের আওতায় এনেছে বলে জানায়।

তৃতীয় প্রান্তিকে গ্রামীণফোনের ভয়েস কলের পাশাপাশি ইন্টারনেট ডেটা থেকে আয়ও আগের তুলনায় বেড়েছে।

তৃতীয় প্রান্তিকে অপারেটরটি ডেটা থেকে যে আয় করেছে, তা বছর বছর ১৭ দশমিক ৩ শতাংশ হারে বেড়েছে বলে জানায়।

গ্রামীণফোনের মোট আয়ের ২১ দশমিক ৭ শতাংশ এখন ডেটা থেকে আসছে বলে আর্থিক প্রতিবেদনে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি, যা গত বছর একই সময়ে ছিল ১৯ দশমিক ৩ শতাংশ।

চলতি তৃতীয় প্রান্তিকে গ্রামীণফোন ডেটা থেকে আয় করেছে ৭৮০ কোটি টাকা। প্রথম প্রান্তিকে এই আয় ছিল ৬৯০ কোটি, দ্বিতীয় প্রান্তিকে ৭২০ কোটি টাকা। আর গত বছরের তৃতীয় প্রান্তিকে ছিল ৬৬০ কোটি টাকা।

ডেটা ব্যবহারের পরিমাণ ৭০ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে বলে জানায় অপারেটরটি।

এ সময় গ্রামীণফোন তাদের নেটওয়ার্ক কভারেজের জন্য ২১০ কোটি টাকা বিনিয়োগ করেছে। নেটওয়ার্ক আধুনিকায়নের জন্য প্রতিষ্ঠানটি ১ হাজার ৮১২টি নতুন ফোর-জি সাইট চালু করেছে। এই সাইটসহ তাদের মোট সাইট এখন ১৬ হাজার ৩৮৯টি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত