তজুমদ্দিনের মেঘানা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে নয় জেলেকে আটক করেছে প্রশাসন। গতকাল শুক্রবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাতজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও অপ্রাপ্তবয়স্ক হওয়ায় দুজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।
দণ্ডিতরা হলেন ইউনুছ (৪০), মমিন (৩৮), সিরাজ (৪০), সিদ্দিক (২০), হান্নান (২২), কালাম হোসেন (২৮) ও মাহবুব (২২) । তারা লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের বাসিন্দা।
মৎস্য বিভাগ জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের নেতৃত্বে কোস্টকার্ড মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় লালমোহন-তজুমদ্দিনের মেঘনা মোহনায় ইলিশ শিকারের অপরাধে নয় জেলেকে আটকের পাশাপাশি একটি মাছ ধরার নৌকাসহ ৪০ হাজার মিটার জাল জব্দ করা হয়।
