দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় স্থানীয় দুই সাংবাদিককে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ।
গত বৃহস্পতিবার রাতে বীরগঞ্জের নিজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ আব্দুল খালেক সরকার দুই সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে ফেসবুকে মিথ্যে পোস্ট দেওয়ার বিপরীতে আইসিটি আইনে মামলা করেন।
ঐদিন রাতেই বীরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে দুই সাংবাদিককে গ্রেপ্তার করার কথা জানান।
গ্রেপ্তারকৃত সাংবাদিকেরা হলেন, মো. মোশারফ হোসেন ও বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠা ও সভাপতি মো. আবেদ আলী।
বীরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তারকৃত সাংবাদিকদের বাড়ি থেকে একটি ল্যাপটপ ও প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের আপত্তিকর লেখা কাগজপত্র পেয়েছেন বলেও জানান বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকিলা পারভিন।
এ বিষয়ে চেয়ারম্যান এম এ আব্দুল খালেক বলেন, ‘আমার নামে মিথ্যে একটি অভিযোগ নিয়ে এসে দুজন সাংবাদিক ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। আমি তাদের সেই ৫০ হাজার টাকা চাঁদা দিতে রাজি না হলে সাংবাদিক আবেদ আলী আমার নামে ফেসবুকে ভিত্তিহীন ও মিথ্যে একটি ধর্ষণের খবর পোস্ট করে’।
তিনি আরও বলেন, ‘এরকম একটি মিথ্যে অভিযোগের সাথে আমাকে জড়িয়ে ফেসবুকে পোস্ট করাতে আমার সম্মানহানি হয়। পরে আমি তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করি’।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাকিলা পারভিন বলেন, ‘নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এম এ আব্দুল খালেক দুজন সাংবাদিকসহ আরো কয়েজনের নামে একটি মামলা দায়ের করেন। আমরা মামলা করার পর রাতেই অভিযান চালিয়ে দুজন সাংবাদিককে গ্রেপ্তার করি। গ্রেপ্তারকৃত আসামিদের বাড়ি থেকে একটি ল্যাপটপ ও প্রশাসনের বিরুদ্ধে হাতে লেখা কিছু কাগজপত্র পাই।’
উল্লেখ্য, এর আগে বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজ এর সাংবাদিকদের ওপর হামলা এবং দুটি চাঁদাবাজির মামলাসহ এই দুজন সাংবাদিকের বিরুদ্ধে বীরগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানা যায়।
