দিনাজপুর জেলা প্রশাসকের চাকরির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন রাষ্ট্রীয় মর্যাদা প্রত্যাখ্যান করা প্রয়াত মুক্তিযোদ্ধার সন্তান নুর ইসলাম।
মঙ্গলবার দিনাজপুর জেলা প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তাকে দায়ী করে স্থানীয় সংসদ সদস্য বরাবর নিজের সন্তানের চাকরিচ্যুতি ও বাস্তুচ্যুতির অিভিযাগ জানিয়ে চিঠি লেখার দুদিনের মাথায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুক্তিযোদ্ধা মো. ইসমাইল হোসেন।
দৈনিক হাজিরার ভিত্তিতে দিনাজপুর সদর উপজেলা ভূমি কমিশনারের (এসিল্যান্ড) গাড়িচালক হিসেবে কাজ করতেন দিনাজপুরের সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের যোগীবাড়ি গ্রামের মুক্তিযোদ্ধা মো. ইসমাইল হোসের ছেলে নুর ইসলাম।
একপর্যায়ে সদরের ভূমি কমিশনার মো. আরিফুল ইসলাম নুর ইসলামকে চাকরিচ্যুত ও বাস্তুচ্যুত করেন বলে ওই চিঠিতে লিখে যান প্রয়াত মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন।
মৃত্যুর আগে মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন রাষ্ট্রীয় সম্মাননা নেবেন না বলেও চিঠিতে উল্লেখ করেন।
বৃহস্পতিবার জেলা প্রশাসক মাহমুদুল আলম মুক্তিযোদ্ধার সন্তান নুর ইসলামকে তার কার্যালয়ে ডেকে চাকরি এবং সরকারি বাড়িতে থাকার প্রস্তাব দেন।
পরদিন শুক্রবার জেলা প্রশাসক মাহমুদুল আলম সদর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লোকমান হাকিমকে নিয়ে ইসমাইল হোসেনের বাড়ি গিয়ে পরিবারের স্বজনদের সঙ্গে দেখা করেন।
তবে শনিবারই চাকরির প্রস্তাব ফিরিয়ে দিলেন নুর ইসলাম।
তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘আমি চাকরির প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। আমি বলেছি চাকরি করব না। আমার বাবা হুইপ সাহেব (সাংসদ ইকবালুর রহিম) বরাবর একটি দরখাস্ত লিখে গেছেন আমি সেই দরখাস্ত পোস্ট অফিসে পাঠিয়ে দিয়ে আসার পরই শুনতে পাই আমার বাবা মারা গেছেন’।
নুর ইসলাম আরো বলেন, ‘ডিসি স্যার আমাকে অফিসে ডাকছিলেন এবং আমাকে চাকরি ফিরিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন কিন্তু আমি চাকরি করব না বলেছি।’
এ বিষয়ে জেলা প্রশাসক মাহমুদুল আলম দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা নুর ইসলামকে চাকরি ফিরিয়ে দেওয়ার বিষয়ে চেষ্টা করেছি। তিনি প্রস্তাব ফিরিয়ে দিলে আমরা কী করব’।
বিষয়টি তদন্তাধীন আছে বলেও জানান তিনি।
তদন্ত করতে শনিবার দুপুরে রংপুর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জাকির হোসেন মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের বাড়িতে যান।
তিনি দেশ রূপান্তরকে ফোনে বলেন, ‘আমি সরেজমিন বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের বাড়ি গিয়েছিলাম। সেখানে গিয়ে বাড়ির সবার জবানবন্দি নিয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে যারা এ ঘটনার জন্য দায়ী তাদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমি কর্তৃপক্ষকে জানাব।’
