ইরাকের রাজধানী বাগদাদে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ৪০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।
দেশটির দক্ষিণাঞ্চলীয় আমারা শহরে সংঘর্ষে এক গোয়েন্দা কর্মকর্তা ও প্রভাবশালী আসাইব আহল আল-হক মিলিশিয়া বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে। এ ছাড়া সহিংসতায় সারা দেশে অন্তত দুই হাজারের বেশি মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে ইরাকের মানবাধিকার হাইকমিশন (আইএইচসিএইচআর)। যুদ্ধবিধ্বস্ত ইরাকে স্বাভাবিক
অবস্থা ফেরাতে এবং জনসাধারণের জীবনমান উন্নয়নে ব্যর্থ রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে কয়েক সপ্তাহ ধরে চলা এ প্রতিবাদ মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশটিকে বড় ধরনের সংকটের মুখে ফেলে দিয়েছে।
চলতি মাসের মাঝামাঝিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের ধারাবাহিক রক্তক্ষয়ী সংঘর্ষে ১৫৭ জন নিহত ও ৬ হাজারের বেশি আহত হয়েছিল। আইএইচসিএইচআর জানিয়েছে, গত শুক্রবার কেবল বাগদাদেই পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের ক্যানিস্টারে ৫ বিক্ষোভকারীসহ অন্তত ৮ জন নিহত হয়েছে।
বিক্ষোভকারীরা দক্ষিণের নাসিরিয়া শহরে মিলিশিয়াবাহিনী আসাইব আহল আল-হকের (এএএইচ) একটি কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করলে ইরান সমর্থিত এ গোষ্ঠীর সদস্যরা পাল্টা গুলি ছুড়লে আরও অন্তত ৯ জনের মৃত্যু হয়।
দিওয়ানিয়া শহরে আগুন লাগিয়ে দেওয়া একটি ভবনের ভেতর আটকা পড়ে ১২ বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে বলে পুলিশের বিভিন্ন সূত্রের পাশাপাশি হাসপাতাল মর্গের কর্মকর্তারা জানিয়েছেন। ভবনটির ভেতরে ইরান সমর্থিত বদর অর্গানাইজেশনের স্থানীয় কার্যালয় ছিল বলে জানিয়েছে রয়টার্স। ভেতরে অন্য বিক্ষোভকারীদের উপস্থিতির বিষয়টি না জেনেই একদল বিক্ষোভকারী ভবনটিতে আগুন দেয় বলে ধারণা করা হচ্ছে।
