খুনিরা সরকারের আশ্রয়-প্রশ্রয় পাচ্ছে : রিজভী

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ০৪:১৫ এএম

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুনিরা সরকারের আশ্রয়-প্রশ্রয় পাচ্ছে। আর এ কারণে বুয়েটের ছাত্র আবরারকে ছাত্রলীগের নেতাকর্মীরা পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে। আবরার হত্যার প্রতিবাদে গতকাল শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দল আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশের পর আবরার হত্যার প্রতিবাদে ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে মিছিল বের করেন মহিলা দলের নেতাকর্মীরা। মিছিলটি নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে কাকরাইল নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও সেখানে গিয়ে শেষ হয়।

সমাবেশে রিজভী বলেন, ‘দেশের জনগণ দেখছে সরকারের সোনার ছেলেরা অপরাধ করলে সেই অপরাধকে প্রটেকশন দেন সরকার বা সরকারপ্রধান। নাটোরের নুর হোসেন বাবুর হত্যাকারীদের বিচার হয়নি। নাটোরের রানার হত্যাকারীদের আদালতে ফাঁসি হয়েছিল কিন্তু আসামিরা রাষ্ট্রীয় ক্ষমা পেয়েছে। আওয়ামী লীগ আমলে দুজন রাষ্ট্রপতি জিল্লুর রহমান এবং আবদুল হামিদ সাহেব ৩৪-৩৫ জন হত্যাকারী যাদের আদালতে ফাঁসি হয়েছিল তাদের ক্ষমা করেছেন।’

তিনি আরও বলেন, ২৯ ডিসেম্বর রাতের আঁধারে জনগণের ভোট ছিনিয়ে মহাদুর্নীতির জন্য সবার আগে সরকারের বিচার হওয়া উচিত ছিল।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত