ইলিশ রক্ষার অভিযানের খবর ফাঁস করায় পিয়ন বরখাস্ত

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ১২:০৫ পিএম

মা ইলিশ রক্ষায় চলমান অভিযানের তথ্য ফাঁস করার অপরাধে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের অফিস (পিয়ন) সহায়ক আ. বারেককে বরখাস্ত করা হয়েছে।

শনিবার রাতে তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেন জেলা প্রশাসক মো. জোহর আলী।

জেলা প্রশাসক কার্যালয় থেকে জানা গেছে, শনিবার বিকেলে সুতালড়ি এলাকার ব্রিজ সংলগ্ন স্পিডবোট ঘাটে ইকবাল হোসেন নামে একজনকে সন্দেহজনক গতিবিধির জন্য আটক করেন ভ্রাম্যমাণ অদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মো. বশির গাজী।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মো. বশির গাজী জানান, ইকবালকে আটকের পর তার মোবাইল ফোনটি জব্দ করেন এবং ইকবালকে সঙ্গে নিয়ে স্পিডবোট নিয়ে অভিযানে নামেন।

কিছুক্ষণ পর ইকবালের মোবাইলে ফোন আসলে বশির গাজী কলটি রিসিভ করেন এবং ফোনের অপর প্রান্ত থেকে স্পিডবোট যাচ্ছে বলে সতর্ক করা হয়।

পরে মোবাইল নম্বর ও ইকবালকে জিজ্ঞাসাবাদে অফিস সহায়ক বারেক জড়িত থাকার বিষয়টি বেরিয়ে আসে।

আটক ইকবাল বলেন, অভিযানে নামার খবর প্রথম থেকে নিয়মিতই ফোন করে জানিয়ে দিতেন পিয়ন আবদুল বারেক। তিনি এ জন্য প্রতিদিন দুটি ইলিশ মাছ ও ৫০০ টাকা করে নিতেন।

আমি ফোনে খবর পেয়ে তা আবার অন্য জেলেদের জানিয়ে দিতাম। যার কারণে অভিযানের মধ্যেই অনেক জেলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ইলিশ মাছ ধরতেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত