মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মাটির দেয়ালঘেরা নলকূপ থেকে পানি আনতে গিয়ে দেয়ালচাপায় গৃহবধূ নেওয়ারুন বেগমের (৩৫) মৃত্যু হয়েছে। তিনি উপজেলার হাজীপুর ইউনিয়নের বিলেরপাড় গ্রামের বয়তুল্লাহ মিয়ার স্ত্রী।
রবিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল বাছিত বাচ্চু জানান, গত শনিবার বিকেলে নিজ বাড়ির একপাশে নলকূপ থেকে পানি আনতে যান নেওয়ারুন বেগম। আকস্মিক একটি দেয়াল ধসে পড়লে তিনি এর নিচে চাপা পড়েন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় নেওয়ারুন মারা যান।
