অতিবৃষ্টিতে আগাম আলু তুলে নিলেন কৃষকরা

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ০১:০৯ এএম

টানা বৃষ্টিতে দিনাজপুরের বিরামপুর উপজেলার প্রায় ৩০ হেক্টর জমির আগাম জাতের আলুর আবাদ নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। লোকসান থেকে বাঁচতে জমিতে লাগানো আলু তুলে নিয়েছেন অনেক কৃষক। তবে আবহাওয়া ভালো হলে ফের লাগাতে পারলে কৃষকরা বেশি ক্ষতিগ্রস্ত হবেন না বলে জানিয়েছেন উপজেলা কৃষি অফিস কর্মকর্তারা।

গতকাল রবিবার উপজেলা কৃষি কার্যালয়ের তথ্যমতে, এবার উপজেলায় ১০০ হেক্টর জমিতে আগাম জাতের আলুর আবাদ করা হয়েছে। এর মধ্যে টানা বৃষ্টিতে ৩০ হেক্টর জমির আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। উপজেলার মাহমুদপুর, হাবিবপুর, মুকুন্দপুর ও কাটলার বেশিরভাগ এলাকায় আগাম আলুর চাষ হয়েছে।

বিরামপুরের আলুচাষি তোজাম্মেল হক জানান, তিনি গত ৬ দিন আগে চার বিঘা জমিতে রোজেটা, শাটাল ও লালগুটি জাতের আলু আবাদ করেন। প্রতি বিঘা জমিতে তার খরচ হয়েছে ২২ থেকে ২৩ হাজার টাকা। টানা বৃষ্টিতে ৮০ ভাগ আলুর গাছ মরে গেছে।  উপজেলা কৃষি কর্মকর্তা নিকছ্ন চন্দ্র পাল বলেন, ‘টানা বৃষ্টিতে ৩০ হেক্টর আলুর জমিতে কিছুটা পানি জমেছে। কিছু কৃষক হয়তো সম্ভাব্য ক্ষতি থেকে বাঁচতে আলুর গাছগুলোকে তুলে রেখেছেন। তবে আবহাওয়া ঠিক হলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন না বলে মনে করি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত