ভোলার লালমোহনে গত এক বছর আগে এক মোটরসাইকেল চালককে দুই সন্তানের সামনে বিবস্ত্র করে হাত-পা বেঁধে নির্যাতন করার ভিডিও ফেসবুকে নতুন করে ভাইরাল হয়েছে।
রবিবার রাত সাড়ে ১০টার দিকে কালমা ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ডাকাতি মামলার আসামি নির্যাতনকারী হাসানকে (৪০) পুলিশ গ্রেপ্তার করে।
এর পরপরই ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয় ফেসবুকে। এদিকে জসিমকে (৩৫) নির্যাতনের ভিডিওটি ছড়িয়ে পড়লে সর্বত্র নিন্দার ঝড় উঠে।
ভিডিওতে দেখা যায়, উপজেলার ডাওরী বাজারে একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা শাহার আলী বাড়ির মৃত আবদুল মুন্নাফের ছেলে মোটরসাইকেল চালক জসিমকে শত শত মানুষ ও তার দুটি শিশু সন্তানের সামনে নির্যাতন করা হচ্ছে। নির্যাতনকারী হাসান কালমা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মিস্ত্রি বাড়ির আবু ড্রাইভারের ছেলে।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর জানান, ভিডিওটি ২০১৮ সালের কোনো এক সময়ের হতে পারে। তবে নির্যাতনকারীকে ভিন্ন একটি মামলায় রবিবার দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়েছে।
