লালমনিরহাটে পিডিবিএফের সোলার সিস্টেম বিতরণ

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ১১:৩৫ পিএম

লালমনিরহাট সদরের ভেলাগুড়ি ইউনিয়নে প্রায় ২ হাজার সোলারহোম সিস্টেম বিতরণ করেছে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)। 

বাংলাদেশ নৌবাহিনীকর্তৃক পরিচালিত ডকইয়ার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের মাধ্যমে এ প্রকল্পের কার্যক্রম পরিচালিত হয়। 

প্রকল্পে প্রতিটি ২৪ হাজার টাকার সোলার ৪ হাজার ৯২০ টাকায় পাচ্ছে সুবিধাভোগীরা। সরকারের ২০২১ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৪,০০০ মেগাওয়াট এবং ২০৩০ সালের মধ্যে ৩৯,০০০ মেগাওয়াটে উন্নীত করার সহায়ক হিসেবে এই প্রকল্প।

অনুষ্ঠানে স্থানীয় সাংসদ মোতাহার হোসেন বলেন, লালমনিরহাটের হাতিবান্ধা ও পাটগ্রাম এলাকা নদীভাঙন কবলিত। চর এলাকা হওয়ায় এর বেশিরভাগ অংশ বিদ্যুৎবিহীন। মাত্র ১টি ইউনিয়ন বিদ্যুৎ বিতরণে কাজ করছে। যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। 

পিডিবিএফের এ প্রকল্প মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে প্রকল্প পরিচালক ড. মো. মনারুল ইসলাম বলেন, নবায়নযোগ্য জ্বালানি নীতিমালায় ২০২০ সালের মধ্যে মোট উৎপাদিত বিদ্যুতের ১০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন করতে হবে। এ লক্ষ্য অর্জনের জন্য বাংলাদেশের প্রত্যন্ত বিদ্যুৎবিহীন এবং চর এলাকায় সৌর শক্তি উন্নয়নশীর্ষক প্রকল্পটি একটি সহায়ক হিসেবে কাজ করছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর প্রতিনিধি এইচ এল টি গোলাম আজম, হাতিবান্ধা উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মজিবুর রহমান, উপ-পরিচালক আব্দুর রাজ্জাক, আবু ইউছুফ মো. মামুনসহ পিডিবিএফের কর্মকর্তারা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত