পঞ্চগড়ে আটোয়ারী উপজেলার সন্দেশ দিঘী নিমœ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের বসার পর্যাপ্ত ব্যবস্থা নেই। কাম্য শিক্ষার্থী ও পরীক্ষার ফল কোনোটাই নেই। তবুও এমপিওভুক্ত হয়েছে প্রতিষ্ঠানটি।
এমপিও নীতিমালা ২০১৮ অনুযায়ী পাবলিক পরীক্ষায় শিক্ষার্থী প্রয়োজন ৪০ জন এবং পাসের হার প্রয়োজন ৭০ শতাংশ। তবে জেলা শিক্ষা কার্যালয় থেকে জানা গেছে, এই স্কুলে শিক্ষার্থী গত তিন বছরে অর্থাৎ ২০১৬ সালে ছিল ২, ২০১৭-তে ৫ এবং ২০১৮-তে ১৩ জন। তবুও কীভাবে এমপিওভুক্তি সম্ভব এটাই এখন সবার মুখে মুখে। পাসের হারও গড়ে ৩৬ শতাংশ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইনতাজুল হক বলেন, দীর্ঘদিন বেতন না পাওয়ায় মাঝখানে কিছুটা ভাটা পড়েছিল। তবে বিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিক আছে।
এ বিষয়ে পঞ্চগড় জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আকতার বলেন, এমপিওভুক্তিতে তাদের কোনো হাত নেই। এটা মন্ত্রী ও সচিবদের বিষয়।
