মার্কস ও লেনিনবাদী আদর্শ থেকে বিচ্যুত হয়ে সুবিধাবাদী দলে পরিণত হওয়ায় আসন্ন দশম কংগ্রেস বর্জনের ডাক দিয়েছেন ওয়ার্কার্স পার্টির ৬ নেতা। গতকাল সোমবার যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এ ঘোষণা দেন।
কংগ্রেস বর্জনকারীরা হলেন পলিটব্যুরো সদস্য নুরুল হাসান, ইকবাল কবির জাহিদ, কেন্দ্রীয় কমিটির সদস্য জাকির হোসেন হবি, মোফাজ্জেল হোসেন মঞ্জু, অনিল বিশ্বাস ও তুষার কান্তি।
আগামী ২ থেকে ৫ নভেম্বর ওয়ার্কার্স পার্টির কংগ্রেস হবে। গত মঙ্গলবার প্রাথমিক সদস্যপদ প্রত্যাহার করেন দলের সাবেক সাধারণ সম্পাদক ও পলিটব্যুরো সদস্য বিমল বিশ্বাস। পরে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। বিবৃতিতে ৬ নেতা বলেন, স্বচ্ছ জবাবদিহি কংগ্রেস অনুষ্ঠানে পলিটব্যুরো ও কেন্দ্রীয় কমিটির সভায় আমরা সদস্য যাচাই-বাছাইয়ের প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জোরে সেটি অগ্রাহ্য করা হয়। ফলে অবৈধ প্রতিনিধিদের নিয়ে কংগ্রেস হলে সেটিও অবৈধই হবে। এজন্য নতজানু আপসকামী নীতি পরিহার করে আদর্শের প্রতি অবিচল থাকতে আমরা কংগ্রেসে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। লাল পতাকাকে সমুন্নত রাখতে সব পার্টি কমরেডকেও প্রহসনের কংগ্রেস বর্জনের আহ্বান জানান তারা।
এ বিষয়ে ইকবাল কবির জাহিদ বলেন, ‘দলের শীর্ষ নেতৃত্ব দুর্নীতিতে আক্রান্ত। তারা মেহনতি মানুষের রাজনীতি থেকে সরে গেছে। আমরা পার্টির মূল রাজনৈতিক আদর্শের সঙ্গে সম্পৃক্তদের নিয়ে বাম ঐক্য করতে চাই।’
