মেঝেতে স্ত্রী আর দড়িতে ঝুলছিল স্বামীর লাশ

আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ০৫:৪৫ পিএম

কুমিল্লা মুরাদনগরে নিজ বসতঘর থেকে স্বামী-স্ত্রী লাশ উদ্ধার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। এসময় মেঝেতে স্ত্রীর ও ঝুলন্ত অবস্থায় ছিল স্বামীর লাশ।

মঙ্গলবার সকালে উপজেলার বি-চাপিতলা গ্রামের পালপাড়া থেকে পুলিশ লাশ দুটি উদ্ধার করে।

নিহতরা হলেন, বি-চাপিতলা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে ফারুক মিয়া (৩৫) ও একই গ্রামের হারুন মিয়ার মেয়ে রুজিনা আক্তার (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের চাপিতলা গ্রামের ফারুক মিয়া ও একই গ্রামের রুজিনা আক্তারের ১০ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। সংসার জীবনে তাদের তিনটি কন্যা সন্তান রয়েছে।

নিহতের বড় ভাই সহিদ মিয়া বলেন, ‘ফারুক ঢাকায় লেবারের কাজ করতেন। গত রাতে কখন বাড়িতে এসেছে তা আমরা জানি না। সকালে উঠে আমরা তাদের বসতঘরে দুজনের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিই।’

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাঙ্গরা বাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধারণা করা হচ্ছে স্ত্রীকে হত্যার পর গলায় ফাঁস দিয়ে স্বামী আত্মহত্যা করেছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত