টেস্টে মুমিনুল টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ০১:৫৫ এএম

নিষেধাজ্ঞার কারণে সাকিব আল হাসানের জায়গায় টেস্ট ও টি-টোয়েন্টি দলের নেতৃত্বে পরিবর্তন এনেছে বিসিবি। সাকিবের পরিবর্তে টেস্ট সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মুমিনুল হক। আর টি-টোয়েন্টি সিরিজের জন্য দলনেতা নির্বাচিত হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

সাকিব, ব্যক্তিগত কারণে ছুটি নেওয়া তামিম ইকবাল এবং ইনজুরিতে পড়া সাইফউদ্দিনের জায়গায় কিছুদিন আগে ঘোষিত টি-টোয়েন্টি দলে পরিবর্তন আনা হয়েছে তিনটি। নির্বাচকরা মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম ও আবু হায়দার রনিকে দলে নিয়েছেন। ১৫ সদস্যের দলটি আজই রওনা দেবে দিল্লির উদ্দেশে। ৩ নভেম্বর সেখানে প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

টি-টোয়েন্টি দলের মতোই টেস্ট দলে ফিরেছেন পেসার আল-আমিন হোসেন। আফগান সিরিজের বিরতি শেষে আবার দলে ফিরেছেন ইবাদত হোসেন। ‘এ’ দল ও ঘরোয়া ক্রিকেটের দুর্দান্ত পারফরম্যান্সে টেস্ট দলে ডাক পেয়েছেন মোহাম্মদ সাইফ হাসান। আর নিয়মিত পারফরম্যান্সের কারণেই দলের নেতৃত্ব দেওয়া হয়েছে মুমিনুল হককে। মুমিনুলকে টেস্ট অধিনায়ক করা প্রসঙ্গে বিসিবির ক্রিকেট অপারেশন্স প্রধান আকরাম খান জানান, এটা সঠিক সিদ্ধান্ত। কারণ টেস্টে কে দীর্ঘদিন সার্ভিস দেবে এটা বিবেচনা করেই বাঁহাতি ব্যাটসম্যানকে নেতৃত্ব দেওয়া হয়েছে। আকরাম জানান, ‘টেস্টে মুমিনুলের সুনাম অনেক ভালো। যেহেতু আমাদের দেখতে হবে ভবিষ্যতে কারা বেশিদিন খেলবে। আর সম্প্রতি আমরা ভারত ও শ্রীলঙ্কায় যে সফর করেছি সেখানে তার পারফরম্যান্স খুবই ভালো। এসব দিক বিবেচনা করে তাকে আমরা ক্যাপ্টেন করেছি।’

টি-টোয়েন্টি দল

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, মোহাম্মদ মিঠzন, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানি, আল আমিন হোসেন, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আবু হায়দার রনি, তাইজুল ইসলাম।

টেস্ট দল

মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফ হাসান, লিটন দাস, মোহাম্মদ মিঠzন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোহাম্মদ নাঈম হাসান, মোস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, আবু জায়েদ রাহী, ইবাদত হোসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত