দুর্নীতির মামলায় বিচারিক আদালতে পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির যুগ্ম মহাসচিব ও দলটির সংসদ সদস্য হারুনুর রশিদকে হাইকোর্টের দেওয়া জামিনের আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদনটি করা হয়। চেম্বার আদালতের বিচারপতি মো. নুরুজ্জামান আবেদনটির ওপর শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। আজ বুধবার এ বিষয়ে শুনানি হবে।
বিষয়টি নিশ্চিত করে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান দেশ রূপান্তরকে বলেন, ‘আবেদনটি করার পর চেম্বার আদালত আগামীকাল বুধবার (আজ) এর ওপর শুনানির জন্য পাঠিয়েছেন।’
শুল্কমুক্ত আমদানি সুবিধায় গাড়ি কিনে তা বিক্রির মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অর্থ আত্মসাৎ করার অভিযোগে দুদকের দায়েরকৃত মামলায় গত ২১ অক্টোবর এমপি হারুনুর রশিদকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় ঢাকার বিশেষ জজ আদালত-৪। পরে দণ্ড থেকে খালাস চেয়ে আপিল ও জামিন চেয়ে হারুনের করা আবেদনের ওপর শুনানি নিয়ে গত সোমবার (২৮ অক্টোবর) বিচারপতি শওকত হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ তাকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিনের আদেশ দেয়। পাশাপাশি বিচারিক আদালতে তাকে দেওয়া ৫০ লাখ টাকা অর্থদণ্ড স্থগিত করে তার আপিল শুনানির জন্য গ্রহণ করে আদালত।
হারুনুর রশিদ ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে বিএনপির হয়ে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন।
তার বিরুদ্ধে ২০০৭ সালের ৭ মার্চ রাজধানীর তেজগাঁও থানায় মামলা করে দুদক। তদন্ত শেষে ওই বছরের ১৮ জুলাই হারুনসহ তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতে অভিযোগপত্র দেয় দুদক। অভিযোগ গঠনের মধ্য দিয়ে একই বছরের ২০ আগস্ট তিনজনের বিরুদ্ধে বিচার শুরু হয়।
রায়ে হারুনকে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি মামলার আসামি চ্যানেল নাইন-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এনায়েতুর রহমান বাপ্পীকে দুই বছর সশ্রম কারাদণ্ড, এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পলাতক অপর আসামি গাড়ি ব্যবসায়ী ইশতিয়াক সাদেককে তিন বছর সশ্রম কারাদণ্ড, ৪০ লাখ টাকা অর্থদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম।
