‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা

চবিতে জালিয়াতির অভিযোগে পরীক্ষার্থী আটক

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ০৩:৩২ এএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি পরীক্ষায় তৃতীয় দিনে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ডিভাউসসহ এক ভর্তিচ্ছু পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। তার নাম জোবায়ের আহমেদ সিয়াম। গতকাল মঙ্গলবার ইউনিটের ২য় শিফটের ভর্তি পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে তাকে আটক করা হয়। আটকের পার তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে জিজ্ঞাসাবাদ করা হয়।

সূত্রে জানা যায়, সিয়াম এ ইউনিটের ভর্তি পরীক্ষায় ২য় শিফট চলাকালীন ব্যবসায় প্রশাসন অনুষদের ৫৩২ নম্বর রুমে পরীক্ষায় অংশ নেন। এ সময় সে মোবাইলের মাধ্যমে প্রশ্নপত্রের ছবি তুলে তার ঢাকার এক বন্ধুর কাছে পাঠায়। বিষয়টি হলের দায়িত্বে থাকা শিক্ষকের নজরে পড়লে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে খবর দেন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি জালিয়াতিতে ব্যবহৃত মোবাইলসহ তাকে আটক করে। সিয়ামের বাড়ি পাবনা জেলায় এবং সে ওখানকার বুলবুল কলেজের শিক্ষার্থী বলে জানা যায়।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রিফাত রহমান বলেন, ডিভাউসসহ এক শিক্ষার্থীকে আমরা আটক করেছি। তার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, এ বিষয়ে জানতে জিজ্ঞাসাবাদ চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত