কুষ্টিয়ায় কৃষক হত্যায় ২ যুবকের যাবজ্জীবন

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ০২:০৯ পিএম

কুষ্টিয়া মিরপুর থানার কৃষক মিরাজ ওরফে আলমগীর হত্যা মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ডসহ ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। বুধবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী জনাকীর্ণ আদালতে এক আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মিরপুর উপজেলার পুটিমারি গ্রামের মুন্তাজ আলীর ছেলে কামরুল ইসলাম (৩৭) এবং পলাতক আসামি কোরবার আলীর ছেলে কামাল হোসেন (৪০)। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর তিন আসামি কোরবান আলী, আকলিমা খাতুন ও রূপালী খাতুনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৪ জুলাই রাত সাড়ে ১০টায় আসামি কামাল হোসেনের স্ত্রী রূপালী খাতুনের সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ এনে আসামি কামরুল কৃষক মিরাজকে বাড়ি থেকে ডেকে আনে। এ সময় আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে মিরাজকে লোহার সাবল দিয়ে পিটিয়ে এবং রামদার কোপে গুরুতর রক্তাক্ত জখম করে। পরিবারের লোকজন সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে আহত মিরাজকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

এই ঘটনায় ৫ জুলাই নিহত মিরাজের স্ত্রী তাসলিমা বেগম বাদী হয়ে ৫ আসামির নামোল্লেখসহ মিরপুর থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৫ সালের ২৮ মে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, মিরপুর থানার মিরাজ হত্যা মামলার চার্জগঠন ও সাক্ষী শুনানি শেষে আসামি কামরুল ইসলাম ও কামাল হোসেনের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন কারাদণ্ডসহ ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই নারীসহ তিনজনকে বে-কসুর খালাস দিয়েছেন আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত