যমুনায় নৌ পুলিশের ওপর ইলিশ শিকারিদের হামলা

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ০৪:০০ পিএম

মানিকগঞ্জের যমুনা নদীতে মা ইলিশ শিকারিদের বিরুদ্ধে অভিযানকালে নৌপুলিশের ওপর হামলা হয়েছে। 

বুধবার সকাল ৭টার দিকে শিবালয়ের আলোকদিয়া চর এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

নৌপুলিশের ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আরেফ বলেন, পাটুরিয়া নৌপুলিশের অফিসার-ইন-চার্জ মো. মনিরুল ইসলামের নেতৃত্বে যমুনা নদীর আলোকদিয়া চর এলাকায় অভিযান শুরু করে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ৩টি নৌকা থেকে ৭জন জেলেকে আটক এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়।

তিনি জানান, এক ঘণ্টা অভিযানের পর আরেকটি মাছধরার নৌকা আটকের চেষ্টাকালে ওই নৌকার জেলেরা লাঠি-সোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা করে। পুলিশ সদস্যরা হামলা উপেক্ষা করে তাদেরকে আটকের চেষ্টা করলে আশে পাশে থাকা আরও কয়েকটি মাছ ধরার নৌকা এসে পুলিশদের বহনকারী স্পিডবোট ঘিরে ফেলে। নিরাপত্তার কথা ভেবে, পুলিশ সদস্যরা সেখান থেকে কিছুটা সরে আসতে বাধ্য হয়।

নৌ পুলিশের ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আরেফ আরও বলেন, তিনি খবর পেয়ে দ্রুত আরিচা ঘাট এলাকায় যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই হামলায় কেউ তেমন আঘাত পাননি উল্লেখ করে তিনি বলেন, তারা জীবনের ঝুঁকি নিয়ে মা ইলিশ রক্ষায় প্রতিদিন নদীতে টহল অব্যাহত রেখেছেন।

হামলা প্রসঙ্গে তিনি বলেন, নৌপুলিশের জনবল সংকট এবং দ্রুতগামী নৌযানসহ প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে জেলেরা এই হামলা করার সাহস পেয়েছে।

তিনি বলেন, আটক জেলেদের উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিবালয় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ৪ জেলেকে ৫ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা এবং অন্য ৩ জনকে ১ বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত