‘স্ত্রীর যন্ত্রণায়’ প্রবাসী স্বামীর বিষপান

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ০৪:২৮ পিএম

মাদারীপুরের কালকিনিতে ‘স্ত্রীর জ্বালা-যন্ত্রণা’ সহ্য করতে না পেরে মো. মিন্টু ঘরামি (৩২) নামের এক প্রবাসী স্বামী বিষ পানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বুধবার সকালে কালকিনি উপজেলার পাঙ্গাশিয়া এলাকায় এ ঘটনা ঘটে। কাতার প্রবাসী মিন্টু পৌর এলাকার পাঙ্গাশিয়া গ্রামের লাল মিয়া ঘরামির ছেলে।

হাসপাতাল ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, মিন্টুর সঙ্গে দক্ষিণ রাজদী গ্রামের ছালাম বয়াতির মেয়ে মণি বেগমের সঙ্গে প্রায় ৮ বছর আগে বিয়ে হয়। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে। মিন্টু ঘরামি কাতার থেকে দুই মাসের ছুটি নিয়ে বর্তমানে বাড়িতে রয়েছেন। তিনি বাড়িতে আসার পর থেকেই স্ত্রী মণি বেগম পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাকে জ্বালা-যন্ত্রণা ও মানসিকভাবে চাপ প্রয়োগ করে আসছে। এ যন্ত্রণা সইতে না পেরে খালি ঘরে বসে মিন্টু ঘরামি একপর্যায়ে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়।

স্থানীয় লোকজন টের পেয়ে মিন্টুকে উদ্ধার করে কালকিনি হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে কালকিনি থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার পর থকেই স্ত্রী মণি বেগম গা-ঢাকা দিয়েছেন।

ভুক্তভোগীর বড় ভাই এনামুল খান বলেন, মিন্টুর কাছ থেকে তার স্ত্রী মণি টাকা-পয়সা নেয়ার জন্য ও বিভিন্ন বিষয় নিয়ে প্রতিনিয়ত জ্বালা-যন্ত্রণা দিয়ে আসছে। তাই তিনি আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন।

এ ব্যাপারে কালকিনি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রেজাউল করিম জানান, রোগীর অবস্থা একটু ভালো। সুস্থ হয়ে যাবে মনে হয়।

কালকিনি থানার এসআই সঞ্চয় জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত