টার্কির মাংস দিয়ে কয়েক পদ রেঁধে রেসিপি দিয়েছেন উম্মাহ মোস্তফা
আস্ত গ্রিল টার্কি
উপকরণ
আস্ত ১ কেজি সাইজের টার্কি ১টা, গরম মসলার পাউডার ১ চা চামচ, পেঁপে বাটা ২ টেবিল চামচ, মরিচের গুঁড়ো ১ টেবিল চামচ, পাপরিকা ১ চা চামচ, গোল মরিচের গুঁড়ো ১ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, মধু ১ টেবিল চামচ, টক দই আধা কাপ, কাঁচা মরিচ বাটা ১ চা চামচ, লবণ ২ চা চামচ, মাখন ৩ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন
১. বোলে টার্কি আর মাখন বাদে বাকি সব উপকরণ নিয়ে মিশ্রণ তৈরি করে রাখুন।
২. টার্কির গায়ে কাঁটা চামচ দিয়ে কেচে নিন।
৩. এবার মাখানো মিশ্রণ টার্কির গায়ে ভালো করে মাখিয়ে ফ্রিজের সাধারণ তাপমাত্রায় ১২ ঘণ্টা মেরিনেট করে রেখে দিন।
৪. মেরিনেশন শেষে টার্কি ২০০ ডিগ্রি তাপমাত্রার প্রি-হিট করা ওভেনে ২ ঘণ্টা বেক করুন।
৫. বেক করার আগে টার্কির গায়ে ভালো করে মাখন লাগিয়ে নিন।
৬. ৩০ মিনিট বেকের করে তাপমাত্রা কমিয়ে ১৫০ ডিগ্রি করে নিতে হবে। বেক শেষে গরম গরম পরিবেশন করুন।
ফ্রায়েড টার্কি
উপকরণ
টার্কির বুকের মাংস ৩০০ গ্রাম, কালো গোল মরিচের গুঁড়ো ১ চা চামচ, গরম মসলা ১ চিমটি, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, কর্ন ফ্লাওয়ার ১ কাপ, ময়দা ১ কাপ, বেকিং পাউডার ১ চা চামচ, তেল আধা কাপ, লবণ ১ চা চামচ।
যেভাবে তৈরি করবেন
১. সব গুঁড়ো উপকরণ একসঙ্গে নিয়ে পাত্রে রাখুন।
২. টার্কির বুকের মাংস পাতলা করে কেটে নিন।
৩. তেল আর গুঁড়ো উপকরণ বাদে বাকি সব উপকরণ দিয়ে মেরিনেট করে ৬ ঘণ্টা রেখে দিন।
৪. মেরিনেট শেষে গুঁড়ো উপকরণ ভালো করে কেটে রাখা মাংসে মেখে অল্প আঁচে গরম তেলে ডিপ ফ্রাই করুন ১৫ মিনিট। হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন।
মাশরুম টার্কি
উপকরণ
ধাপ -১ : টার্কির বুকের মাংস ৩০০ গ্রাম, মরিচের গুঁড়ো ১ চা চামচ, কালো গোল মরিচের গুঁড়ো ১চা চামচ, গরম মসলা ১ চিমটি, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, কর্ন ফ্লাওয়ার সিকি কাপ, তেল আধা কাপ, লবণ ১ চা চামচ।
মাংস তৈরি : মাংস কিউব করে কেটে রাখুন। তেল বাদে বাকি সব উপকরণ ভালো করে মেখে ৩ ঘণ্টা মেরিনেট করে রেখে দিন। মেরিনেট শেষে ভালো করে গরম তেলে অল্প আঁচে সেলো ফ্রাই করুন ১৫ মিনিট ।
ধাপ-২ : টমেটো পিউরি ১ কাপ, বাটন মাশরুম ১ ক্যান, গোল মরিচের গুঁড়ো আধা চা চামচ, রসুন কুচি ১ টেবিল চামচ, মাখন ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, চিলি ফেক্স ১ চা চামচ, কাঁচা মরিচ ফালি ৪টা।
যেভাবে তৈরি করবেন
১. ক্যান থেকে মাশরুম বের করে গরম পানি দিয়ে বেশ ভালো করে ধুয়ে নিন।
২. ধুয়ে নেওয়ার পরে ধারালো ছুরি দিয়ে চাক চাক করে কেটে রাখুন।
৩. ফ্রাইপ্যানে মাখন গরম করে তাতে রসুন কুচি দিন। এরপর মাশরুম দিয়ে ২ মিনিটের মতন ভেজে উঠিয়ে রাখুন।
৪. একই ফ্রাইপ্যানে টমেটো পিউরিসহ বাকি উপাদান আছে (ধাপ-১ এর ভাজা টার্কি আর মাশরুম বাদে) দিয়ে দিন।
৫. বলগ এলে ভেজে রাখা টার্কি ও মাশরুম দিয়ে মাখা মাখা হলে কাঁচা মরিচের ফালি দিয়ে নামিয়ে পরিবেশন করুন।
টার্কিশ পরোটা রোল
উপকরণ
সেদ্ধ টার্কি কুচি মাংস দেড় কাপ, ফ্রোজেন পরোটা ৬টা, শসা কুচি আধা কাপ, গাজর কুচি আধা কাপ, টমেটো কুচি ১টা, ক্যাপসিকাম কুচি আধা কাপ, মেয়নেজ আধা কাপ, চিলি সস ৩ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ১টা, ধনেপাতা কুচি ৩ টেবিল চামচ, তেল আধা কাপ।
যেভাবে তৈরি করবেন
১. ননস্টিক ফ্রাইপ্যানে পরোটাকে ভালো করে ভেজে নিন।
২. একটি পাত্রে সব উপকরণ ভালো করে মাখিয়ে রাখুন।
৩. এবার মাখানো মিশ্রণ পরোটার ভেতরে ফিলার ভরে রোল করে সাজিয়ে পরিবেশন করুন।
সুইট অ্যান্ড সাওয়ার টার্কি
উপকরণ
ধাপ-১ : টার্কির বুকের মাংস ৫০০ গ্রাম, মরিচের গুঁড়ো ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, কর্ন ফ্লাওয়ার ১ টেবিল চামচ, তেল আধা কাপ, লবণ দেড় চা চামচ।
মাংস তৈরি : মাংস কিউব করে কেটে রাখুন। তেল বাদে বাকি সব উপকরণ মেখে ৩ ঘণ্টা মেরিনেট করে রেখে দিন। মেরিনেট শেষে ভালো করে গরম তেলে ডিপ ফ্রাই করুন ১২ মিনিট অল্প আঁচে। ভাজা শেষে উঠিয়ে রাখুন পরবর্তী ধাপের জন্য। এখানে টার্কিগুলো ক্রাঞ্চি টাইপের হবে।
ধাপ-২ : চিলি সস ২ কাপ, টমেটো পিউরি ১ কাপ, ভিনেগার ২ টেবিল চামচ, চিনি ৩ টেবিল চামচ, রসুন কুচি ১ চা চামচ, মাখন ২ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন
১. ফ্রাইপ্যানে মাখন গরম করে তাতে রসুন ফোড়ন দিন।
২. লালচে হলে সব উপকরণ দিয়ে অপেক্ষা করুন ভালোভাবে বলগ না আসা পর্যন্ত।
৩. বলগ এলে তাতে ভেজে রাখা ধাপ-১ টার্কিগুলোকে দিয়ে দিন।
৪. মাখা মাখা হলে নামিয়ে স্প্রিং ওনিওন দিয়ে পরিবেশন করুন।
