স্তন ক্যানসারে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। তাদের মতে, স্তন ক্যানসারের লক্ষণ সম্পর্কে মানুষকে জানাতে হবে। সচেতনতার মাধ্যমেই স্তন ক্যানসারে মৃত্যুহার কমিয়ে আনা সম্ভব।
গতকাল বুধবার হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের উদ্যোগে আয়োজিত ‘স্তন ক্যানসারের ঝুঁকি ও সচেতনতা’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
তারা বলেন, পশ্চিমা সংস্কৃতি, আধুনিক নগরায়ণ, জন্মনিয়ন্ত্রণ বড়ি গ্রহণ, স্থূলতা, নেশাজাতীয় দ্রব্য, ঋতুস্রাব, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি ও পারিবারিক কারণেও স্তন ক্যানসার হয়। এটাকে কমিয়ে আনতে সচেতনতা বৃদ্ধি ও নিয়মিত স্তন স্ক্রিনিং অনেকাংশে ঝুঁকি কমিয়ে দেয়।
সেমিনারে ক্যানসার বিশেষজ্ঞ অধ্যাপক সারওয়ার আলম বলেন, বেশিরভাগ ড়্গেত্রে ক্যানসার নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রাথমিক পর্যায় অথবা মধ্যম অবস্থায় ক্যানসার ধরা পড়লে এ রোগ থেকে নিরাময় হওয়া সম্ভব। আমাদের দেশে যথেষ্ট ভালো স্তন ক্যানসার চিকিৎসা রয়েছে। তিনি বলেন, বাংলাদেশে সরকারি পর্যায়ে দুটি স্ক্রিনিং প্রোগ্রাম রয়েছে। যা জেলা পর্যায়ে সব হাসপাতালে রয়েছে। তাই স্তন ও জরায়ু ক্যানসারের লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে পরীক্ষা করালে রোগ নির্ণয় করা সম্ভব।
