ভারত ও বাংলাদেশের মধ্যে একটা নিবিড় সম্পর্ক রয়েছে। প্রতিবেশী দুই বন্ধু দেশের সম্প্রীতিও নিবিড়। মানুষে মানুষে যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় একে আরও মজবুত করবে। গতকাল শুক্রবার দুপুরে আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন ভারতের ত্রিপুরা রাজ্যের বিধানসভার স্পিকার রেবতী মোহন দাস।
ভারত-বাংলা সম্প্রীতি সংসদ ঢাকার আয়োজনে অনুষ্ঠানে যোগ দিতে রেবতী মোহন দাসের নেতৃত্বে ১৫ সদস্যের একটি দল গতকাল আখাউড়া দিয়ে বাংলাদেশে আসে। ভারতীয় দলে ভারত-বাংলা সম্প্রীতি সংসদ যৌথ কমিটির সভাপতি ত্রিপুরা বিধানসভার সদস্য আশীষ কুমার সাহা এবং সাংবাদিক ও সংস্কৃতিকর্মীও রয়েছেন।
