মাগুরায় ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে শনিবার থেকে শুরু হয়েছে ছয় দিনব্যাপী কাত্যায়নী পূজা। ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হওয়া এ পূজা শেষ হবে আগামী বৃহস্পতিবার। পূজা উপলক্ষে আয়োজিত মেলা চলবে এক মাস।
এ বছর পৌর এলাকাসহ মাগুরা শহরের নান্দুয়ালী, ছানার বটতলা, জামরুলতলা, সাতদোহাপাড়া, নতুন বাজার, বাটিকাডাঙ্গা, পারনান্দুয়ালী, তাঁতিপাড়াসহ বিভিন্ন স্থানে তৈরি করা হয়েছে ১৫টি মণ্ডপ। এ ছাড়া গ্রামপর্যায়ে ৬৩টি মন্দিরে কাত্যায়নী পূজা হচ্ছে।
শহরের প্রতিটি পূজামণ্ডপে তৈরি হয়েছে তোরণ। মণ্ডপগুলোতে আধুনিক আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে।
জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব কুণ্ডু জানান, প্রতিবছর এখানে কাত্যায়নী পূজা দেখতে সারা দেশের পাশাপাশি নেপাল ও ভারত থেকে বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে।
পূজা চলাকালে জেলার আইনশৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে বিশেষ সভা করে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
