জাবিতে সহকারী প্রক্টরের ওপর হামলার ঘটনায় মামলা

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ০১:৩০ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মহিবুর রৌফ শৈবালের ওপর হামলার ঘটনায় আশুলিয়া থানায় মামলা করেছেন প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন। গত শুক্রবার রাতে করা মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাত ৪০-৫০ জনকে।

এজাহারে বলা হয়েছে, ৩০ অক্টোবর ধর্মঘট চলাকালে সকাল সাড়ে ৯টায় পুরাতন কলা ভবনের গেট তালা দিতে গেলে আন্দোলনকারী নজির আমিন চৌধুরী জয় সাধারণ শিক্ষার্থীদের রোষানলে পড়েন। তাকে উদ্ধার করার পর কথিত আন্দোলনকারীরা মহিবুর রৌফ শৈবালকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ঘটনাস্থলে উপস্থিত বেআইনি জনতাবদ্ধ ৫০/৬০ জন কথিত আন্দোলনকারীদের মধ্য থেকে শৈবালকে হত্যার উদ্দেশ্যে তার পুরুষাঙ্গে সূক্ষ্ম কোনো ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে। শৈবাল বর্তমানে সাভার এনাম ক্লিনিকে চিকিৎসাধীন। এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবিতে উপাচার্যপন্থি শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা মিছিল ও মানববন্ধন করেন। মহিবুর রৌফ শৈবাল দেশ রূপান্তরকে জানিয়েছেন, সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষায় অংশ নিতে গেলে কিছু আন্দোলনকারী তাদের বাধা দেন। এসময় সেখানে হট্টগোল তৈরি হলে আমি পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টাকালে হামলার শিকার হই।

এদিকে সহকারী প্রক্টরের ওপর হামলার ঘটনা মিথ্যা বলে দাবি করেছেন আন্দোলনকারীদের মুখপাত্র হিসেবে পরিচিত অধ্যাপক রায়হান রাইন। গতকাল শনিবার পুরাতন প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এটি একটি প্রতারণামূলক মামলা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত