ব্লেন্ডার মেশিন বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৩

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ০৩:৪৮ এএম

ব্লেন্ডার মেশিন দিয়ে চাল গুঁড়া করার সময় বিস্ফোরণে মানিকগঞ্জ সদর উপজেলার গিলনডো এলাকায় একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তারা হলো আসমা আক্তার (৪২), তার ছেলে মো. আরিফ হোসেন (১৫) ও মেয়ে সুমাইয়া আক্তার (৬)। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা। দগ্ধ আসমা আক্তারের স্বামী মো. ইব্রাহীম হোসেন জানান, তারা সদর উপজেলার গিলনডো এলাকায় একটি চারতলা ভবনের তৃতীয় তলায় ভাড়া বাসায় থাকেন। তিনি মুন্নু ফেব্রিক্স নামের প্রতিষ্ঠানের ইলেকট্রিক অফিসার। তার স্ত্রী গৃহিণী। ছেলে আরিফ জয়নগর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও মেয়ে সুমাইয়া প্রভাতি কিন্ডারগার্ডেনের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

ইব্রাহীম জানান, সন্ধ্যা ৬টার দিকে তার স্ত্রী রুমের ভেতরে ব্লেন্ডার মেশিন দিয়ে চাল গুঁড়া করছিলেন। তখন বাসায় ওই দুই সন্তানও ছিল। হঠাৎ ওই ব্লেন্ডার মেশিন বিস্ফোরিত হয়। পরে আশপাশের ভাড়াটিয়ারা রুমে গিয়ে দেখেন তারা তিনজনই দগ্ধ অবস্থায় পড়ে আছে। তাদের স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। পরে খবর পেয়ে তিনি স্ত্রী ও সন্তানদের ঢামেক হাসপাতালে নিয়ে ভর্তি করান। ঢামেক বার্ন ইউনিটের কর্তব্যরত এক চিকিৎসক জানান, তাদের তিনজনেরই শরীরের ৬০ থেকে ৯০ শতাংশ দগ্ধ হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত