জীবনকে ভালোবেসে নেত্রকোনার গ্রামীণ পর্যায়ে যুবদের মধ্যে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের বিভিন্ন গ্রামের যুব সমাজের ৪৫ জন ছয় কিলোমিটার মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়।
স্বাবলম্বী উন্নয়ন সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচির আওতায় ‘যুবরাই গড়বে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ’ স্লোগানে এই ম্যারাথনের আয়োজন করা হয়। এ উপলক্ষে একটি র্যালি রায়দুম রুহী সমৃদ্ধ কার্যালয় থেকে যাত্রা শুরু করে ময়মনসিংহ রায়দুম রুহী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।
মিনি ম্যারাথন উদ্বোধন করেন স্বাবলম্বীর নির্বাহী পরিচালক বেগম রোকেয়া। এ সময় ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রহিম ও স্বপন পালসহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে ওই ইউনিয়নের ময়মনসিংহ রায়দুম রুহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে দৌড় প্রতিযোগিতাটি বের হয়ে ৬ কিলোমিটার সড়ক অতিক্রম করে রায়দুম রুহী সমৃদ্ধ কার্যালয়ে এসে শেষ হয়।
মিনি ম্যারাথন দৌড় শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে প্রথম হয় রায়দুম রুহী গ্রামের ইউসুফ মিয়া, দ্বিতীয় ফরিদপুর গ্রামের ফারুক মিয়া ও তৃতীয় প্রতাপপুর গ্রামের সজীব মিয়াসহ ১০ জনকে পুরস্কার প্রদান করা হয়। এতে অংশগ্রহণ করে যুবকরাও অনেক আনন্দিত। মাদকসহ বিভিন্ন নেশা থেকে বিরত থাকতে এমন প্রতিযোগিতা প্রতিটি ইউনিয়নে আয়োজন করার জন্য তারা আহ্বান জানান।
