কংগ্রেসের দাবি

প্রিয়াঙ্কা গান্ধীর ফোন হ্যাক করিয়েছে সরকার

আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ০১:০১ এএম

প্রিয়াঙ্কা গান্ধীর মোবাইল ফোন সরকার হ্যাক করিয়েছে বলে দাবি করেছে ভারতের অন্যতম বিরোধী কংগ্রেস পার্টি। মোট তিনজন বিরোধী নেতার ফোন হ্যাকের পেছনে সরকারের হাত রয়েছে বলেও তারা দাবি করেছে বলে জানিয়েছে এনডিটিভি।

গত শনিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ঠিক একই দাবি করেন। হ্যাকের শিকার অন্য নেতাদের মধ্যে রয়েছেন কংগ্রেসের প্রফুল প্যাটেল ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী শারদ পাওয়ার।

কংগ্রেস নেতা রণদীপ সূর্যেওয়ালা গতকাল রবিবার সাংবাদিকদের বলেন, ‘যাদের ফোন হ্যাকের শিকার হয়েছে তাদের সবাইকে হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে মেসেজ পাঠানো হয়েছে। তেমনি একটি মেসেজ প্রিয়াঙ্কা গান্ধীও পেয়েছেন।’ তবে প্রিয়াঙ্কা গান্ধী ওই মেসেজটিকে অতটা আমলে না দিয়ে সেটিকে মুছে ফেলেন বলেও জানান তিনি। গত সপ্তাহে হোয়াটসঅ্যাপের মূল কোম্পানি ফেইসবুক অভিযোগ করে, ইসরায়েলি সাইবার সিকিউরিটি কোম্পানি এনএসও হোয়াটসঅ্যাপের সার্ভার ব্যবহার করে পেগাসাস নামের স্পাইওয়্যার ছড়িয়েছে। বিশ্বের ২০টি দেশের ১ হাজার ৪০০ জনের ফোন হ্যাক হয় এতে। হ্যাকের শিকার ব্যক্তিদের মধ্যে ১২১ জন ভারতীয় রয়েছেন, যাদের মধ্যে সাংবাদিক, অধিকারকর্মী, আইনজীবী ও জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত