বরিশাল-৪ আসনের সাংসদ পংকজ নাথের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, দুর্নীতি, দখল, সন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন কাজীরহাট থানা আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক সঞ্জয় চন্দ্র। গতকাল সোমবার নগরীর সদর রোডের একটি রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলন হয়। এর আগে গত ২৫ অক্টোবর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদ থেকে পংকজ নাথকে সরিয়ে দেওয়া হয়।
লিখিত বক্তব্যে কাজীরহাট থানার ৫ নম্বর বিদ্যানন্দপুর ইউনিয়নের সাবেক এ মেম্বার বলেন, পংকজ নাথ নিজের নির্বাচনী এলাকায় অনিয়ম, দুর্নীতি, সন্ত্রাস এবং নৈরাজ্য সৃষ্টি করে আসছেন। তার অপকর্মের বিরুদ্ধে যারাই কথা বলছেন, হামলা-মামলাসহ তাদের হয়রানি করা হচ্ছে। তিনি বলেন, ভুয়া ম্যানেজিং কমিটির মাধ্যমে মেহেন্দিগঞ্জ উপজেলার নয়টি কমিউনিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৮ জন সহকারী শিক্ষক নিয়োগ দিয়ে বাণিজ্য করেছেন এ সাংসদ। তার অভিযোগ, দুর্নীতি দমন কমিশনে মামলা করায় ক্ষিপ্ত হয়ে পংকজ নাথ তার সন্ত্রাসী বাহিনী দিয়ে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পঙ্গু করে দেয়। পরে উল্টো তার বিরুদ্ধে মামলা দিয়ে জেল খাটান।
সাংসদ পংকজ নাথ বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। বরিশালের মহলবিশেষ এবং জাতীয় ও স্থানীয় কিছু নেতা লাগাতারভাবে আমার ভাবমূর্তি ক্ষুণœ করতে এ ষড়যন্ত্র চালাচ্ছে। এসব ভিত্তিহীন অভিযোগ দেওয়ার নিন্দা জানাই।’
