বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারে নিহত ৩

আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ১১:৫৯ পিএম

পাথরঘাটার খাসতবক গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল ৭টার দিকে গাছ কাটতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের দেলোয়ার হোসেন (৬৫), তার ভাই মৃত আমজেদ হোসেনের ছেলে রাসেল (১৪) ও আমজেদের স্ত্রী হামিদা বেগম (৪০)।

স্থানীয়রা জানায়, সকালে দেলোয়ার বাড়ির পাশে সুপারি গাছ কাটতে যান। পরে কাঁঠাল গাছ কাটতে গেলে একটি ডাল পাশের পল্লী বিদ্যুতের লাইনের ওপর পড়লে তা তিনি নামানোর চেষ্টা করেন। এ সময় বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার ছিঁড়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন দোলেয়ার। এ সময় রাসেল তাকে বাঁচাতে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। রাসেলের চিৎকারে তার মা হামিদা গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পল্লী বিদ্যুতের লাইন টেকনিশিয়ান আবুল বাশার জানান, তাদের না জানিয়ে ২৪০ ভোল্টেজ পাওয়ার কভারবীহিন তারের পাশ থেকে সুপারি ও কাঁঠাল গাছ কাটতে গেলে এ দুর্ঘটনা ঘটে। পাথরঘাটা থানার ওসি মো. শাহাবুদ্দিন বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমিসহ পাথরঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে যাই। পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে ২৫ হাজার টাকা করে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত