ব্যবসায়ী ও গৃহবধূ খুন

সড়কদ্বীপে পড়ে ছিল নবজাতকের মরদেহ

আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ০১:৩০ এএম

বরিশাল নগরীর সড়কদ্বীপ (ট্রাফিক আইল্যান্ড) থেকে উদ্ধার করা হয়েছে এক দিন বয়সী নবজাতকের মরদেহ। এ ছাড়া বরগুনার আমতলীতে ধানক্ষেত থেকে গরু ব্যবসায়ীর এবং নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। দুজনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর

বরিশাল মহানগরের একটি সড়কদ্বীপ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত ও ডিএনএ সংরক্ষণের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের নথুল্লাবাদ ব্রিজসংলগ্ন সড়কদ্বীপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পথচারীরা জানান, মহাসড়কের আইল্যান্ডের ওপর ফেলে যাওয়া নবজাতকের মরদেহটি ব্যাগের মধ্যে ছিল। এ সময় কয়েকজন সড়কের পাশেই মরদেহটি মাটিচাপা দিতে চান। পরে পুলিশে খবর দেওয়া হয়।

বরগুনা আমতলীর গুলিশাখালী ইউনিয়নের ধানক্ষেত থেকে ইব্রাহিম হাওলাদার (৫০) নামে এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইব্রাহিম একই ইউনিয়নের পশ্চিম কলাগাছিয়া এলাকার মৃত মৌজালী হাওলাদার মিয়ার ছেলে। গতকাল সকালে কলাগাছি এলাকার জমিতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। লাশের মাথা ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। নিহত ইব্রাহিমের পুত্রবধূ সোহাগী বেগম বলেন, টাকাপয়সার জন্যই শ্বশুরকে খুন করা হয়েছে।

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মধ্য চরবা¹ার নিখোঁজ গৃহবধূ কোহিনুর বেগমের (৪৪) লাশ বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে চরজব্বর থানায় খুনের মামলা করেছেন গৃহবধূর ছেলে রুবেল। ঘটনার পর পালিয়ে গেছে গৃহবধূর সাবেক প্রেমিকসহ তার পরিবার। তার গালে রক্তাক্ত জখম ও গলায় রশি দিয়ে হত্যা করার দাগ দেখা গেছে বলে জানিয়েছেন চরজব্বর থানার পুলিশ ওসি (তদন্ত) ইব্রাহিম খলিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত