পাওনা টাকা নিয়ে ঝগড়ায় ভাইয়ের হাতে ভাই খুন

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ০১:৫৯ পিএম

রাজধানীর ডেমরায় পাওনা টাকা নিয়ে ঝগড়ায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে কবির হোসেন (২৪) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ডেমরা পূর্ব বক্সনগর দারুননাযাত মহিলা মাদ্রাসার সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বের জেরে মঙ্গলবার রাতে ছোট ভাই সবুজ বড় ভাই কবিরকে ছুরিকাঘাত করেন।

এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। তবে সবুজকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। যেকোনো মুহূর্তে তাকে আটক করা হবে।

নিহত কবিরের ছোট বোন জামাই মো. মোলাম রব্বানি মিঠু জানান, কবিরদের বাড়ি দিনাজপুর ঘোড়াঘাটে। তার বাবার নাম আতাউর রহমান। পরিবার নিয়ে পূর্ব বক্সনগর জাকিরের বাড়িতে ভাড়া থাকতেন। কয়েক বছর আগে বিয়ে করলেও এক সন্তান রেখে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়।

তিনি বলেন, ‘মঙ্গলবার রাতে খবর পেয়ে ওই মাদ্রাসার সামনের রাস্তায় গিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি কবিরকে। এ সময় তার পাশে দাঁড়ানো ছিল ছোট ভাই সবুজের স্ত্রী সুমাইয়া ও আরেক লোক।

জানতে পেরেছি কবির সবুজের কাছে কিছু টাকা পেত। ওই টাকা চাওয়াকে কেন্দ্র করেই রাত সাড়ে ১১টার দিকে দুই ভাইয়ের মধ্যে মারামারি হয়। এতে সবুজ কবিরের মাথায়, বুকে ও পিঠে ছুরিকাঘাত করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত