চীনের সহায়তায় প্রথমবারের মতো স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে সুদান। দেশটির ক্ষমতাসীন কর্তৃপক্ষ মঙ্গলবার এ কথা জানায়।
সুদানের সার্বভৌম পরিষদের প্রধান জেনারেল আবদেল ফাতাহ আল বুরহান খার্তুমে শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ ঘোষণা দেন।
উত্তর-পূর্ব আফ্রিকান দেশ সুদান সামরিক, অর্থনৈতিক ও মহাকাশ প্রযুক্তি নিয়ে গবেষণার লক্ষ্যে এই স্যাটেলাইট উৎক্ষেপণ করে বলে জানায় বাসস।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, উত্তর চীনের সানঝি প্রদেশ থেকে শনিবার এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে।
সার্বভৌম পরিষদের এক বিবৃতিতে বলা হয়, মহাকাশ প্রযুক্তির উন্নয়ন এবং তথ্য সংগ্রহের পাশাপাশি দেশের সামরিক বাহিনীর প্রয়োজনে প্রাকৃতিক সম্পদ আবিষ্কারের জন্য এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে।
সার্বভৌম পরিষদের মুখপাত্র মোহাম্মদ আল ফকি সুলায়মান বলেন, কয়েক মাসের মধ্যে সুদান থেকে স্যাটেলাইটটি পরিচালনা করা হবে। এই প্রকল্পের অংশীদার হিসেবে চীন এই স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে।
