থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে এক সন্ত্রাসী হামলায় পুলিশসহ অন্তত ১৫ জন নিহত ও ৪ জন আহত হয় বলে জানিয়েছে বিবিসি। দেশটির ইয়ালা প্রদেশের একটি তল্লাশি চৌকিতে গত মঙ্গলবার রাতে হামলা চালায় সন্ত্রাসীরা। হামলায় নিহতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকই স্থানীয় গ্রামবাসী।
এই হামলার পেছনে কোনো গোষ্ঠী জড়িত কি না এমন তথ্য পাওয়া যায়নি। তবে প্রাদেশিক নিরাপত্তা মুখপাত্র কর্নেল প্রোমোত প্রম-ইন হামলার জন্য স্থানীয় ‘জঙ্গিগোষ্ঠী’কে দায়ী করেন। প্রসঙ্গত, থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের স্বাধীনতার জন্য দীর্ঘদিন ধরেই বেশ কয়েকটি গ্রুপ সশস্ত্র অবস্থান নিয়ে আছে ইয়ালা প্রদেশে।
হামলায় আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান প্রোমোত।
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের স্থানীয় নাম পাতানি। এই অঞ্চলটিতে সংখ্যাগরিষ্ঠ মানুষই মালয় মুসলিম। স্বাধীন এক বিশ্লেষক বুনগ্রায়োয়ে বলেন, ‘থাইল্যান্ডের অন্য সব অঞ্চলের বাসিন্দাদের সঙ্গে মালয় মুসলিমদের সংস্কৃতিগত, নৃতাত্ত্বিকভাবে ও ধর্মীয়ভাবে কোনো সংযোগ নেই। দীর্ঘদিন ধরেই তারা সাংস্কৃতিক আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে।’
২০০৪ সাল থেকে দক্ষিণ থাইল্যান্ডে সেনাবাহিনীর সঙ্গে কথিত ‘জঙ্গি’দের সঙ্গে একাধিক বন্দুকযুদ্ধ হয়েছে। কিন্তু গত এক বছরের মধ্যে এই হামলাকে সবচেয়ে সহিংস হিসেবে দেখা হচ্ছে।
