কুষ্টিয়ায় সদর থানার শিশু অপহরণ মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদন্ডসহ অর্থদন্ডের আদেশ দিয়েছে আদালত। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত পলাতক আসামিরা হলো দৌলতপুর উপজেলার বাহিরমাদী চর এলাকার আজাদ শেখ ও সিরাজুল ইসলাম এবং বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার কামলা গ্রামের রুবেল শিকদার। এদের প্রত্যেকে যাবজ্জীবন কারাদন্ডসহ ১ লাখ টাকা করে অর্থদন্ড অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড দেওয়া হয়েছে।
আদালতের (ভারপ্রাপ্ত) সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট সাইফুল ইসলাম বাপ্পী জানান, কুষ্টিয়া মডেল থানার অপহরণ মামলায় সাজাপ্রাপ্ত তিন আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করে। রায়ে অপহরণ মামলার ১, ২ ও ৩নং আসামি যাবজ্জীবনের সঙ্গে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সাজা দেওয়া হয়। আসামিরা জামিনে থেকে পলাতক।
