হালকা শীতের পিঠা

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ০১:৪০ এএম

শীত মানেই পিঠাপুলির মৌসুম। নানা ধরনের পিঠার আয়োজন থাকে পুরো শীতেই। কয়েক ধরনের চিতই ও ভাপা পিঠার রেসিপি দিয়েছেন জিন্নাত রায়হান

নারকেলের ভাপা

উপকরণ

চালের গুঁড়ো ২ কাপ, খেজুরের গুড় ভেঙে নেওয়া ১ কাপ, নারকেল কোরানো ১ কাপ, লবণ সিকি চা চামচ।

যেভাবে তৈরি করবেন

১. চালের গুঁড়োতে লবণ মিশিয়ে হালকা করে পানি ছিটিয়ে ঝুরঝুরে করে মেখে নিন। খেয়াল রাখতে হবে যেন দলা না বাঁধে। এবার বাঁশের চালনিতে চেলে নিন।

২. ভাপা পিঠা বানানোর হাঁড়িতে পানি দিন। মুখছিদ্র ঢাকনা বসিয়ে ঢাকনার চারদিকে আটা দিয়ে আটকে দিয়ে চুলায় বসিয়ে জ্বাল দিন।

৩. পাতলা সুতির ২ টুকরো কাপড় ও ছোট দুটি বাটি নিন। বাটিতে চালা চালের গুঁড়ো দিয়ে মাঝখানে গর্ত করে গুড় ও নারকেল দিন। আবার চালের গুঁড়ো দিয়ে ঢেকে দিন।

৪. এক টুকরা পাতলা সুতির কাপড় ভিজিয়ে পানি নিংড়ে পিঠার বাটি ঢেকে উল্টিয়ে মুখ ছিদ্র ঢাকনার ওপর পিঠা রেখে সাবধানে বাটি খুলে ঢেকে দিন। সেদ্ধ হলে পিঠা উঠিয়ে গরম-গরম পরিবেশন করুন।

বি. দ্র. চাল ভিজিয়ে গুঁড়ো করে সঙ্গে সঙ্গে পিঠা বানালে ভালো হয়। শুকনা গুঁড়ো দিয়ে বানালে অনেকক্ষণ আগে পানি ছিটা দিয়ে রেখে পরে বাঁশের চালনিতে চালতে হবে।

নোনতা চিতই

উপকরণ

চালের গুঁড়ো ২ কাপ, লবণ সিকি চা চামচ, ডিম ১টি, পানি আধা কাপ।

যেভাবে তৈরি করবেন

১. চালের গুঁড়ো লবণ, ডিম ও কুসুম গরম পানি নিয়ে মেখে মাঝারি ঘনত্বের গোলা তৈরি করুন। গোলা বেশি ভারী হলে পিঠা শক্ত হবে। এবার ডিম দিয়ে গোলা ভালোভাবে ফেটিয়ে নিন।

২. পিঠা তৈরিতে চিতই পিঠার খোলা বা ভারী লোহার কড়াই ব্যবহার করুন। ৩. খোলায় তেল মেখে নিন। খোলা গরম হলে যে আকারের পিঠ বানাতে চান সে পরিমাণ গোলা দিয়ে ঢেকে দিন। ঢাকনার চারপাশে পানি ছিটিয়ে দিন।

৪. ৩ থেকে ৪ মিনিট পর পিঠা খোলা থেকে তুলে নিন।

৫. পরিবেশন করুন ভুনা মাংস অথবা বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে।

দুধ চিতই

উপকরণ

চালের গুঁড়ো ২ কাপ, পানি ১ কাপ, খেজুরের গুড় আদা কাপ, লবণ সিকি চা চামচ, ডিম ১টি।

যেভাবে তৈরি করবেন

১. চালের গুঁড়োতে লবণ, ডিম ও ১ কাপ পানি দিয়ে ফেটিয়ে মাঝারি ঘনত্বের মসৃণ গোলা তৈরি করুন।

২. গুড় দেড় কাপ পানি দিয়ে জ্বাল দিয়ে ছেঁকে রাখুন। দেড় লিটার দুধ জ্বাল দিয়ে ১ লিটার করে নিন।

৩. চুলাতে খোলা বসিয়ে তেল মেখে নিন। খোলা খুব গরম হলে ডালের চামচের ২ চামচ গোলা দিয়ে ঢেকে দিন।

৪. ঢাকনার চারপাশে পানি ছিটিয়ে দিন। ৩ থেকে ৪ মিনিট পর খোলা থেকে পিঠা তুলে নিন। এবার খোলা থেকে পিঠা তুলে গুড়ের সিরায় দিয়ে জ্বাল দিন।

৫. জ্বাল করা পিঠা ঠাণ্ডা হলে জ্বাল দেওয়া ঘন দুধ দিন। পাত্র ঝাঁকিয়ে চারদিকে দুধ মিশিয়ে ৭ থেকে ৮ ঘণ্টা ভিজিয়ে পিঠা পরিবেশন করুন।

বি. দ্র. ভালো গুড় হলে যদি দুধ দিলে জমে যাওয়ার আশঙ্কা না থাকে গুঁড়ও দুধ একসঙ্গে জ্বাল দিয়েও পিঠা করা যাবে।

ঝালভাপা

উপকরণ

সেদ্ধ চালের গুঁড়ো ২ কাপ, ধনেপাতা কুচি ১ কাপ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, গাজর কুচি আধা কাপ, লবণ এক চিমটি।

যেভাবে তৈরি করবেন

১. চালের গুঁড়োতে লবণ মিশিয়ে হালকা করে পানি ছিটিয়ে ঝুরঝুরে করে মেখে নিন। খেয়াল রাখুন যেন দলা না বাঁধে। বাঁশের চালনিতে চেলে নিন।

২. ভাপা পিঠা বানানোর হাঁড়িতে পানি দিন। মুখছিদ্র ঢাকনা বসিয়ে ঢাকনার চারদিকে আটা দিয়ে আটকিয়ে চুলায় বসিয়ে জ্বাল দিন।

৩. ধনেপাতা, পেঁয়াজ, গাজর ও কাঁচা মরিচ কুচি সামান্য লবণ দিয়ে মেখে পুর তৈরি করুন।

৪. বাটিতে চালের গুঁড়ো দিয়ে ভেতরে ধনেপাতার পুর ভরে পিঠা বানিয়ে নিন।

৫. পরিবেশন করুন হাঁস বা গরুর ভুনা মাংসের সঙ্গে।

ডিম চিতই

উপকরণ

চালের গুঁড়ো ২ কাপ, লবণ সিকি চা চামচ, পানি আধা কাপ, মুরগির ডিম ৭টি, লবণ সিকি চা চামচ, গোলমরিচ গুঁড়ো এক চিমটি।

যেভাবে তৈরি করবেন

১. চালের গুঁড়ো, লবণ, ১টি ডিম এবং পানি দিয়ে মেখে মাঝারি ঘনত্বের গোলা তৈরি করুন। গোলা বেশি ভারী হলে পিঠা শক্ত হবে। গোলা ভালোভাবে ফেটিয়ে নিন।

২. চুলার খোলা বসিয়ে তেল মেখে নিন। খোলা গরম হলে পরিমাণমতো গোলা দিয়ে ঢেকে দিন।

৩. দুই মিনিট পর ঢাকনা খুলে গোলার ওপর ১টি ডিম ভেঙে দিয়ে গোলমরিচের গুঁড়ো ও লবণ ছিটিয়ে ঢেকে রাখুন আরো ২ মিনিট।

৪. ঢাকনার চারপাশে পানি ছিটিয়ে নিন।

৫. ৩ থেকে ৪ মিনিট পর পিঠা হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত