প্রতি বছর ১২ লাখ ভারতীয়র প্রাণ নেয় দূষিত বায়ু!

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ০৮:৫১ এএম

বায়ুদূষণের কারণে ভারতে প্রতি বছর গড়ে ১২ লাখ মানুষ মারা যায় বলে জানিয়েছে আমেরিকার হেল্থ এফেক্ট ইনস্টিটিউট।

সারা বিশ্বের বাতাসের মান পরীক্ষা করে ওই প্রতিষ্ঠান জানিয়েছে, গোটা পৃথিবীর প্রায় ৭০ লাখ মানুষ প্রতি বছর বায়ুদূষণের কারণে মারা যাচ্ছেন। অর্থাৎ বায়ুদূষণ বিশ্বের ৯.৮৭ শতাংশ মানুষের মৃত্যুর জন্য দায়ী।

সমীক্ষায় দেখা গেছে, বায়ুদূষণজনিত মৃত্যুর তালিকায় শীর্ষে রয়েছে ভারত ও চীন। দু’দেশেই বছরে ১২ লাখ করে লোক অর্থাৎ প্রায় ২৪ লাখ লোক বায়ু দূষণের কারণে অকালে মারা যাচ্ছেন।

চিকিৎসকদের মতে, বায়ুদূষণের সবচেয়ে খারাপ প্রভাব পড়ে শিশুদের দেহে। এমসের চিকিৎসকেরা জানিয়েছেন, ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’ রিপোর্ট অনুযায়ী ২০১৭ সালে বছরে ভারতে প্রায় ১.৯৫ লাখ শিশুর মৃত্যুর পেছনে কারণ ছিল বায়ু দূষণ। অর্থাৎ গড়ে প্রতি দিন প্রায় ৫৩৫ জন শিশুর জীবন কেড়ে নিচ্ছে দূষিত বাতাস।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে মাত্রার দূষণকে গ্রহণযোগ্য বলে মনে করে, ভারতের নগরীগুলোতে দূষণের মাত্রা তার চেয়ে অনেকগুণ বেশি।

দিল্লি এখন যে ধোঁয়াশায় ঢেকে আছে তার কারণে সেখানে মানুষের মধ্যে স্ট্রোক, হৃদরোগ, ডায়াবেটিস, ফুসফুসের ক্যানসার এবং আরও অনেক ধরনের ক্রনিক ফুসফুসের রোগ বেশি হারে হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত