দুই ইটভাটার মালিকের সংঘর্ষে নারীসহ আহত ২০

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ০৮:৪৬ পিএম

মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের পাঁচখোলা এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে দুপক্ষের সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুই ইটভাটার মালিককে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের পাঁচখোলা এলাকার সোবাহান ফকিরের ইটের ভাটার পাশেই আবদুল মান্নান খানের ইটের ভাটা। ভাটায় ইট বেচাকেনা ও জ¦ালানি কাঠ সংগ্রহ নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাটার মালিকপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে দুপুরে সোবাহান ফকির তার লোকজন নিয়ে মান্নানের ইটভাটায় গিয়ে পাওনা টাকা দাবি করে। টাকা না দেওয়ায় দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা বাধে।

একপর্যায়ে দুপক্ষের লোকজনই দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের আহত হয় ২০ জন। তারা মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে পলাশ মাতুব্বর (৩০) ও সোহাগ মোল্লাকে (২৮) গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে চিকিৎসক।

মাদারীপুর সদর থানার ওসি সওগাতুল আলম বলেন, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় দুপক্ষের দোষ আছে। আমরা সোবাহান ও মান্নানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। দুপক্ষের বিরুদ্ধেই মামলা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত