জুয়েলার্স সমিতির নির্বাচনের বাধা কাটল

আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ১২:২৬ এএম

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচনের (২০১৯-২১) ওপর দুই মাসের স্থগিতাদেশ দিয়ে হাইকোর্ট যে আদেশ দিয়েছিল, সেটি স্থগিত করেছে আপিল বিভাগ। হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে বর্তমান কমিটির নেতাদের করা আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত আপিল বিভাগ এ আদেশ দেয়। ফলে আজ ৮ নভেম্বর শুক্রবার অনুষ্ঠেয় এই নির্বাচন করতে কোনো আইনি বাধা থাকল না বলে জানান সংশ্লিষ্ট আইনজীবীরা। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

বর্তমান সমিতির এক সদস্যের করা একটি সম্পূরক আবেদনের ওপর শুনানি নিয়ে ৪ নভেম্বর বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ ওই নির্বাচনের ওপর দুই মাসের স্থগিতাদেশ দিয়ে রুল জারি করে। 

সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, নির্বাচনের জন্য গত ১২ সেপ্টেম্বর প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়। সেখানে ১১৪ জনের বিষয়ে আপত্তি জানিয়ে ১৮ সেপ্টেম্বর নির্বাচনী বোর্ডে আবেদন করেন নির্বাচনের একজন প্রার্থী বিপুল ঘোষ। কিন্তু তার আপত্তি আমলে না নিয়ে ২৯ সেপ্টেম্বর ওই ১১৪ জনকে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত