সংসদের পঞ্চম অধিবেশন শুরু, চলবে ১৪ নভেম্বর পর্যন্ত

আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ০২:৪৯ এএম

একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন শুরু হয়েছে। ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার সোয়া ৪টায় সংসদ অধিবেশন শুরু হয়। এ অধিবেশন আগামী ১৪ নভেম্বর পর্যন্ত চলবে। অধিবেশন শুরুর আগে বিকেল সোয়া ৩টায় সংসদ ভবনে স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে ১৪ নভেম্বর পর্যন্ত অধিবেশন চলবে বলে সিদ্ধান্ত হয়। প্রতিদিন বিকেল ৪টায় অধিবেশন শুরু

হবে। উল্লেখ্য, আগামী ৮-১০ নভেম্বর অধিবেশন মুলতবি থাকবে। তবে স্পিকার চাইলে অধিবেশনের সময় বাড়াতে বা কমাতে পারেন।

স্পিকারের সভাপতিত্বে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অংশ নেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বৈঠকে অংশ নেন বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ, সরকারদলীয় সিনিয়র পার্লামেন্টারিয়ান ও কার্যউপদেষ্টা কমিটির সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, আইনমন্ত্রী আনিসুল হক, জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, চিফ হুইপ নূর ই আলম চৌধুরী ও বিএনপি দলীয় সংসদ সদস্য আবদুস সাত্তার ভুঞা।

এর আগে গত ১২ সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শেষ হয়। অধিবেশনের শুরুতেই পঞ্চম অধিবেশনের জন্য ৫জন প্যানেল সভাপতি মনোনীত করেন স্পিকার। এরপর সংসদ সদস্য মঈনউদ্দীন খান বাদলের মৃত্যুতে শোক প্রস্তাবের ওপর আলোচনা হয়। আলোচনা শেষে সংসদে শোক প্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে কার্যপ্রণালী বিধি অনুযায়ী দিনের কার্যসূচির মুলতবি ঘোষণা করবেন স্পিকার। কার্যউপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে সংসদে উত্থাপনের জন্য ১টি সরকারি বিলের নোটিস পাওয়া যায়। পূর্বে অনিষ্পন্ন ৫টিসহ মোট ৬টি সরকারি বিল পাসের জন্য কমিটিতে পরীক্ষাধীন রয়েছে। বেসরকারি সদস্যদের কাছ থেকে কোনো নোটিস পাওয়া যায়নি। পূর্বে প্রাপ্ত ও অনিষ্পন্ন ২টি বেসরকারি বিল রয়েছে।

পঞ্চম অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৬৯টি ও অন্যান্য মন্ত্রীর জন্য ১ হাজার ৬০৫টিসহ মোট ১ হাজার ৬৭৪টি প্রশ্ন পাওয়া গেছে। সিদ্ধান্ত প্রস্তাব (বিধি ১৩১) এ ৯৬টি, মনোযোগ আকর্ষণের নোটিস (বিধি ৭১) ৫৫টি পাওয়া গেছে এবং প্রস্তাব (সাধারণ) (বিধি ১৪৭) ৩টি নোটিস পাওয়া গেছে। জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান বৈঠকের কার্যপত্র উপস্থাপন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত