ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা মুক্তি পেয়েছেন। দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়ে ১৮ মাসেরও বেশি সময় ধরে ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় কুরিটিবা নগরীর একটি কারাগারে আটক ছিলেন তিনি।
বিবিসি জানায়, দুর্নীতির দায়ে সাজা সর্বোচ্চ আদালত খারিজ করে দিলে শুক্রবার মুক্তি পান লুলা দা সিলভা।
এই সাবেক প্রেসিডেন্টকে দ্রুত মুক্তি দেয়ার জন্য তার আইনজীবীরা আবেদনের কয়েক ঘণ্টা পর তিনি কারাগার থেকে ছাড়া পেলেন।
জেলের বাইরে সমর্থকদের উপচে ভিড়, তাদের উল্লাস ধ্বনি স্বাগত জানায় ৭৪ বছর বয়সী বামপন্থী এই নেতাকে।
এই সময় কালো টি-শার্ট ও স্যুট জ্যাকেট পরিহিত লুলা দা সিলভা সমর্থকদের উদ্দেশ্যে হাত তুলে বিজয় চিহ্ন দেখান।
সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্যে লুলা বর্তমান ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর অর্থনীতি নীতিমালার কঠোর সমালোচনা করেন। সেই সঙ্গে দেশের গরিব মানুষের জন্য তার লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
ব্রাজিলের গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনেও জেতার সম্ভাবনা ছিল দেশটির জনপ্রিয় নেতা লুলা দা সিলভার। কিন্তু দুর্নীতির দায়ে বন্দী হলে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে যান বোলসোনারো এবং সহজ জয় পেয়ে যান।
