জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সেই হাতিটি

আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ১২:০১ এএম

চট্টগ্রামের লোহাগাড়ায় উদ্ধার হওয়া হাতিটি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে বলে জানিয়েছে চকরিয়া সাফারি পার্ক কর্র্তৃপক্ষ। শনিবার বিকেলে পার্কের পশু চিকিৎসক মোস্তাফিজুর রহমান দেশ রূপান্তরকে এ তথ্য জানান।

এর আগে পদুয়া রেঞ্জের ডলু বিটের চাকমার জুম এলাকায় আটকে পড়া ওই হাতিটিকে পুলিশের সহায়তায় উদ্ধার করে স্থানীয় বন বিভাগ। পরে চিকিৎসার জন্য হাতিটিকে চকরিয়া সাফারি পার্কে পাঠানো হয়। 

পদুয়া রেঞ্জ কর্র্তৃপক্ষ জানায়, চাকমার জুমের কাদায় আটকে পড়া হাতিটিকে মোটা দড়ি দিয়ে শুকনো জায়গায় সরিয়ে আনা হয়। বাম পায়ে বড় ধরনের ক্ষত থাকায় হাতিটি দাঁড়াতে পারছে না। সেই সঙ্গে এটি একটি মা-হাতি। ধারণা করা হচ্ছে, অতি সম্প্রতি হাতিটি বাচ্চা প্রসব করেছে। বর্তমানে চকরিয়া সাফারি পার্কের পশু চিকিৎসকদের মাধ্যমে তার চিকিৎসা চলছে।

চকরিয়া সাফারি পার্কের চিকিৎসক মোস্তাফিজুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘হাতিটি খুব দুর্বল এবং পায়ে ক্ষত থাকায় মোটেও দাঁড়াতে পারছে না। আমরা তার বাঁচার সম্ভাবনা ক্ষীণ দেখছি।’

চুনতি অভয়ারণ্যের সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. ইসমাইল মানিক জানান, বনাঞ্চল ধ্বংসের কারণে খাদ্যের অভাবে হাতিগুলো লোকালয়ে এসে এভাবে মারা যাচ্ছে। চুনতি অভয়ারণ্য রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত