হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি পিস্তল ও গুলিসহ হাসান আলী (৩২) নামে এক ইতালি প্রবাসীকে আটক করেছে কাস্টমস প্রিভেন্টিভ টিম। গতকাল শনিবার ভোর ৫টার দিকে তাকে আটক করা হয়। হাসান জানিয়েছেন, খেলনা পিস্তল বলে ইতালি থেকে অস্ত্রটি এনেছেন।
ঢাকা কাস্টম হাউজের কর্মকর্তা সাজ্জাদ হোসেন দেশ রূপান্তরকে বলেন, ভোর ৫টার দিকে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় হাসানকে আটক করা হয়। পরে তার লাগেজ তল্লাশি করে ইতালির তৈরি পিস্তল ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইতালি থেকে ঢাকায় আসেন হাসান। জিজ্ঞাসাবাদে তিনি জানান, ইতালিতে অস্ত্র বা গুলি কিনতে কাগজপত্র লাগে না। শখের বসে ৫০ হাজার টাকা দিয়ে তিনি অস্ত্রটি কেনেন। বিমানে ওঠার আগে সেটি খেলনা পিস্তল বলায় পাইলটের কাছে জমা দিতে হয়নি। কাস্টমস কর্মকর্তা সাজ্জাদ আরও বলেন, হাসান কী উদ্দেশ্যে অস্ত্র নিয়ে এসেছেন তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়েছে। তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। হাসানের বাড়ি যশোর বলেও জানান তিনি।
