খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ০১:৩৯ এএম

খুলনা নগরীর আড়ংঘাটা থানার খালপাড় এলাকায় গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে মো. শাকিল (২২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত শাকিল আড়ংঘাটা এলাকার মো. আবদুর রাজ্জাকের ছেলে। শাকিল রূপসা নদীর ওপারে মণ্ডল কোম্পানি নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর দেড়টার দিকে কয়েকজন যুবক শাকিলকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আড়ংঘাটা বাজারের মোল্লা অটো রাইস মিলের পাশে ফেলে রেখে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দুপুর সোয়া ২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আড়ংঘাটা থানার ওসি কাজী রেজাউল করিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে প্রাথমিকভাবে ঘটনার কারণ ও জড়িতদের শনাক্ত করা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত