পীরগাছায় স্ত্রী তাসলিমা রুমিকে (৩২) কুপিয়ে হত্যার পর স্বামী আবদুল্লাহ আল মামুন স্বপন (৪০) আত্মহত্যা করেছেন। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার চৌধুরানী ব্র্যাক কার্যালয়ে এ ঘটনা ঘটে। তাসলিমা ব্র্যাকের ওই কার্যালয়ের ক্যাশিয়ার ছিলেন।
পুলিশ জানায়, তসলিমা অফিসে কাজ করছিলেন। বেলা ১১টার দিকে তার স্বামী মামুন অফিসে ঢুকেই তাকে চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কোপান। স্ত্রীর মৃত্যু নিশ্চিত করে তিনি ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস দেন। স্থানীয়রা তাসলিমাকে রংপুর মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মামুনের লাশ উদ্ধার করে।
পীরগাছা থানার ওসি রেজাউল করিম জানান, তাসলিমার বাড়ি পীরগঞ্জ উপজেলার সুবিদ গ্রামে। আর মামুনের বাড়ি গাইবান্ধার বল্লমঝাড়ে। বিয়ের পর স্ত্রীকে রেখে কয়েক বছর বিদেশে থাকেন মামুন। ছয় মাস আগে তিনি দেশে ফিরলেও তাসলিমা তার কাছে যাননি।
ধারণা করা হচ্ছে, সেই জেরে এ ঘটনা। লাশ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।
