চট্টগ্রাম নগরীতে একটি পিকআপ ভ্যানে জেনারেটর বিস্ফোরণে ৬ জন আহত হয়েছে। এর মধ্যে অগ্নিদগ্ধ হয়েছে তিনজন।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে খুলশী থানার লালখান বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলো– নুর নবী (৬), কাউসার (২০), রফিকুল ইসলাম (৮), রিফাত (১০), ইয়াসিন (৯) ও হৃদয় (১৬)। এরা সবাই বাকলিয়া থানার তুলাতলী নুর হোসেন চেয়ারম্যানঘাটা এলাকার বাসিন্দা।
খুলশী থানার ওসি প্রণব চৌধুরী জানান, বাকলিয়া এলাকা থেকে আসা একটি পিকআপের জেনারেটরে লালখান বাজার মোড়ে তেল ভরার সময় বিস্ফোরণ ঘটে।
দুর্ঘটনায় আহত ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ৩৬ নং বার্ন ও প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়।
চমেক হাসপাতালের বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. রফিক উদ্দিন আহমদ বলেন, আহতদের মধ্যে রিফাতের ৪০ শতাংশ, রফিকুলের ১৫ ও হৃদয়ের ১১ শতাংশ শরীর পুড়েছে। এ ছাড়া বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।
তিনি আরও জানান, দগ্ধ ৩ জনের মধ্যে রিফাতের অবস্থা গুরুতর। তার শ্বাসনালি পুড়ে গেছে। বাকি দুজনের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল হলেও ঝুঁকি নেই তা বলা যাবে না।
